শিল্পকারখানায় ১২ ঘণ্টা উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে দেশের শিল্পকারখানায় ১২ ঘণ্টা উৎপাদন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা। তাঁরা বলছেন, এতে শিল্পকারখানার উৎপাদন কমে যাবে। আর এ কারণে চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত না-ও হতে পারে। বরং অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।এই উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি উপদেষ্টা ও ডেসকোর কাছে চিঠি দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।গত ২১ মার্চ বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, এ বছরের বোরো ফসলের সেচ মৌসুম শেষ না হওয়া (মে মাস) পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। পাশাপাশি সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত কলকারখানা বন্ধ রাখার যে আদেশ ছিল, তা সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানানো হবে। এর পরই বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তর থেকে শিল্পকারখানায় এ বিষয়ে চিঠি পাঠানো হয়।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে এক হাজার ৬৭১ কোটি ৬২ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য রপ্তানিতে আয় হয়েছে এক হাজার ৫৯০ কোটি ৩৮ লাখ ডলার। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ৪ দশমিক ৮৬ শতাংশ কম হয়েছে।তবে গত অর্থবছরের একই সময়ের এক হাজার ৪০৭ কোটি ডলারের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৯৭ কোটি ৯৩ লাখ ডলার। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রা ২১৪ কোটি ৬৫ লাখ ডলারের চেয়ে ৭ দশমিক ৭৯ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের ১৮৮ কোটি ডলারের চেয়ে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ।ইতিমধ্যে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি প্রবৃদ্ধির নেতিবাচক হার দেশের অর্থনীতির জন্য সুখকর নয়।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তের প্রভাব খুবই দুর্বিষহ। এমনিতেই উৎপাদন কমে গেছে। প্রতিদিন গড়ে সাত-আট ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে জেনারেটরের ব্যবহার বেড়ে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে শিল্পকারখানার ওপর চাপ বাড়ছে।’বিজিএমইএর সভাপতি বলেন, ‘তৈরি পোশাক খাতের রপ্তানির চাহিদা পূরণ করতে গিয়ে প্রায়ই বাড়তি কাজ করতে হয়। এখন যদি কারখানা বন্ধ রাখি, তাহলে তো উৎপাদন ঠিকমতো হবে না। সঠিক সময়ে পণ্য জাহাজীকরণ করতে পারব না। এতে অনেকেরই কার্যাদেশ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’শফিউল ইসলাম জানান, তৈরি পোশাক খাতকে সরকারের এই সিদ্ধান্তের আওতামুক্ত রাখতে গত বুধবার বিজিএমইএর পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি উপদেষ্টা ও ডেসকোর কাছে চিঠি দেওয়া হয়েছে।ইপিবির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম আট মাসে নিট পোশাক খাত রপ্তানি আয়ের শীর্ষে থাকলেও এই খাত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।যোগাযোগ করা হলে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি বিকেএমইএর সহসভাপতি মো. হাতেম প্রথম আলোকে বলেন, নিট পোশাক খাতে এ বছর এমনিতেই মন্দা যাচ্ছে। চলতি অর্থবছরে নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৪ শতাংশ। কিন্তু এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৯ দশমিক ৫ শতাংশ। দিনের বেলায় বিদ্যুৎ না থাকায় রাতেই বেশির ভাগ কাজ চলে। এ অবস্থায় রাতের বেলায় যদি কারখানা বন্ধ রাখতে হয়, তাহলে রপ্তানির লক্ষ্যমাত্রা কোনোভাবেই অর্জিত হবে না।বিকেএমইএর সহসভাপতি জানান, নিট পোশাক খাতকে সরকারের এই সিদ্ধান্তের আওতামুক্ত রাখতে বুধবার সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং জ্বালানি উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে।এদিকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল এক বিজ্ঞপ্তিতে সরকারি এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বলেছে, দেশের বেশির ভাগ শিল্পকারখানা তিন শিফটে উৎপাদন করার মাধ্যমে অভ্যন্তরীণ ও বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকে। যেখানে শিল্পকারখানার মালিকেরা ইতিমধ্যে ঋণের উচ্চ সুদের বোঝা বহন করছে, সে অবস্থায় সরকারের এ ধরনের সিদ্ধান্ত শিল্পকারখানার উৎপাদনকে বাধাগ্রস্ত করবে।বিদ্যুতের জন্য শিল্পকারখানা বন্ধ না রেখে রাস্তার আলোকসজ্জা, বিলবোর্ড, বিপণিবিতান ও সরকারি ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ কিংবা সীমিত রাখার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার।