শিল্পনগরগুলোয় বেড়েছে উৎপাদন ও কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) স্থাপিত শিল্পনগরের শিল্প ইউনিটগুলোতে তিন বছরের ব্যবধানে পণ্য উৎপাদন বেড়েছে পাঁচ হাজার ৬০৯ কোটি টাকার। এ সময় এসব শিল্পনগরে নতুন করে এক লাখ পাঁচ হাজার লোকের কর্মসংস্থানও হয়েছে।২০০৭-০৮ অর্থবছরে বিসিকের শিল্পনগরে মোট ২৩ হাজার ৪১৮ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। ওই সময় কর্মসংস্থান ছিল তিন লাখ ৪০ হাজার লোকের। আর ২০১০-১১ অর্থবছরে উৎপাদিত পণ্যের মূল্য দাঁড়ায় ২৯ হাজার ২৭ কোটি টাকা। কর্মসংস্থান হওয়া মোট ব্যক্তির সংখ্যা দাঁড়ায় চার লাখ ৪৫ হাজারে।এসব পরিসংখ্যান তুলে ধরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, এ থেকেই শিল্পায়নে বিসিক শিল্পনগরগুলোর অবদান অনুমান করা যায়। বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, বিসিক দেশের ৫৮টি জেলায় ৭৪টি শিল্পনগর স্থাপন করেছে। এসব শিল্পনগরের ১০ হাজার ৩৫২টি শিল্প প্লটের মধ্যে এ বছরের এপ্রিল পর্যন্ত পাঁচ হাজার ৬৬৭টি শিল্প ইউনিটকে নয় হাজার ৭১৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লটে চার হাজার ২৭৭টি শিল্পকারখানা স্থাপন করা হয়েছে।দিলীপ বড়ুয়া বলেন, বর্তমানে এক হাজার ৩৮০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে বিসিক ১১টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে উৎপাদন বাড়বে। একই সঙ্গে নতুন করে আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ২০১১-১২ অর্থবছরে বিসিকের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সাফল্যের হার ৯৭ শতাংশ বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে বিসিক একটি প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) প্রণয়ণ করেছে। এটি বাস্তবায়িত হলে ৫২ লাখ লোকের কর্মসংস্থান হবে; ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধির হার ৩০ শতাংশে উন্নীত এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও সরবরাহের জোগান সৃষ্টি করা সম্ভব হবে।এদিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।বিসিক জানায়, ১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বিসিকের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় এ পর্যন্ত দেশে প্রায় ৯৬ হাজার ক্ষুদ্র শিল্প ও ছয় লাখ ৪১ হাজার কুটির শিল্প গড়ে উঠেছে। এসব শিল্পে প্রায় ৩৪ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বিসিকের আওতায় বর্তমানে ৭৪টি শিল্পনগর রয়েছে। সেখানে গড়ে ওঠা চার হাজার ৪১৮টি শিল্প ইউনিটে বিনিয়োগ হয়েছে প্রায় আট হাজার ৯০ কোটি টাকা।