শিল্পনীতির প্রাথমিক খসড়া প্রণয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান ২৮ থেকে বৃদ্ধি করে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে ‘জাতীয় শিল্পনীতি-২০১৫’-এর প্রাথমিক খসড়া প্রণীত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের গঠিত তিনটি উপকমিটির প্রতিবেদন সমন্বয় করে এটি করা হয়েছে। সংশ্লি­ষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) দ্বিতীয় সভায় এ কথা জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে গতকাল রোববার সভাটি অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্পকারখানা স্থাপনে জমি নির্ধারণের জন্য শিল্প, ভূমি, কৃষি, বন ও পরিবেশ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, আগামী তিন বছরে ১০০টি এসএমই শিল্পগুচ্ছ বা ক্লাস্টার গড়ে তোলা হবে। এসব ক্লাস্টারকে এসএমই ঋণ সহায়তার আওতায় আনাসহ রপ্তানি দক্ষতা বাড়াতে ১০০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সভায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের জন্য একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে ইসিএনসিআইডি।