শিল্পনীতির সঙ্গে এসএমইর সংজ্ঞায় সাযুজ্য আনল বাংলাদেশ ব্যাংক
শিল্পনীতির সঙ্গে সাযুজ্য আনতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) সংজ্ঞা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ২০০৮ সালের মে মাসে এসএমইর যে সংজ্ঞা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল, তাতে বেশ খানিকটা পরিবর্তন এল।নতুনভাবে নির্ধারিত সংজ্ঞা শিল্পনীতিতে অন্তর্ভুক্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞার সঙ্গে সংগতিপূর্ণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত রোববার এ-সংক্রান্ত সার্কুলার সব ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে পাঠিয়েছে। এসএমই অর্থায়নের ক্ষেত্রে নতুন এ সংজ্ঞা অনুসরণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।মাঝারি: বাংলাদেশ ব্যাংকের নতুন সংজ্ঞা অনুসারে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমূলক ক্ষেত্রে ‘মাঝারি শিল্প বা উদ্যোগ’ বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটি টাকার বেশি এবং ৩০ কোটি টাকার মধ্যে কিংবা যেসব শিল্পপ্রতিষ্ঠানে ১০০ থেকে ২৫০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।সেবামূলক শিল্পের ক্ষেত্রে ‘মাঝারি শিল্প বা উদ্যোগ’ বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ এক থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্পপ্রতিষ্ঠানে ৫০ থেকে ১০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। ব্যবসার ক্ষেত্রে একই ধরনের মানদণ্ড প্রযোজ্য হবে। তবে কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের বা উদ্যোগের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বড় শিল্পের বা উদ্যোগের অন্তর্ভুক্ত হতে পারে। সে ক্ষেত্রে এ কর্মকাণ্ডটি বৃহৎ শিল্পের বা উদ্যোগের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।ম্যানুফ্যাকচারিং, সেবা বা ব্যবসা ক্ষেত্রে প্রতিস্থাপন ব্যয়সহ স্থায়ী সম্পদের (জমি ও কারখানা ভবন ব্যতিরেকে) মূল্যের ক্ষেত্রে যেখানে মাঝারি শিল্প বা উদ্যোগের সীমা শেষ, তারপর থেকে বড় উদ্যোগের নিম্নসীমা শুরু হবে।ক্ষুদ্র: ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বা উদ্যোগ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা কিংবা যেসব শিল্পপ্রতিষ্ঠানে ২৫ থেকে ৯৯ জন শ্রমিক কাজ করে।সেবামূলক শিল্প এবং ব্যবসার ক্ষেত্রে ‘ক্ষুদ্র শিল্প বা উদ্যোগ’ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ থেকে এক কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করে।মাইক্রো: মাইক্রো শিল্প বা উদ্যোগ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ থেকে ৫০ লাখ টাকা কিংবা যেসব শিল্পপ্রতিষ্ঠানে ১০ থেকে ২৪ জন বা তারচেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে।সেবামূলক শিল্প ও ব্যবসার ক্ষেত্রে মাইক্রো উদ্যোগ বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকার কম কিংবা যেসব প্রতিষ্ঠানে ১০ জনের কম শ্রমিক কাজ করে।কুটির: কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যবিশিষ্ট শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে। তবে এসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পাঁচ লাখ টাকার কম এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১০ জনের বেশি হতে পারবে না। কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড ক্ষুদ্র, মাইক্রো বা কুটির শিল্পের হলেও অন্য মানদণ্ডে সেটি যথাক্রমে মাঝারি, ক্ষুদ্র বা মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। সে ক্ষেত্রে এ কর্মকাণ্ডটি যথাক্রমে মাঝারি, ক্ষুদ্র বা মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।নারী শিল্পোদ্যোক্তা: যদি কোনো নারী ‘ব্যক্তিমালিকানাধীন বা প্রোপ্রাইটরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারী বা প্রোপ্রাইটর হন’ কিংবা ‘অংশীদারি প্রতিষ্ঠান’ বা ‘জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডারগণের মধ্যে’ অন্যূন ৫১ শতাংশ অংশের মালিক হন, তাহলে তিনি নারী শিল্পোদ্যোক্তা হিসেবে গণ্য হবেন।এখন থেকে বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা শিল্পের মতো কুটির ও মাইক্রো উদ্যোগ বা শিল্পকে অন্তর্ভুক্ত করা হবে।