শিল্পবান্ধব শুল্ককাঠামোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় শিল্পবান্ধব শুল্ক ও করকাঠামো নির্ধারণের জন্য একটি জাতীয় পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব করেছেন দেশের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা।একই সঙ্গে ব্যবসায়ীরা রাজনীতিকীকরণ ও রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘন ঘন নীতির পরিবর্তনকে দেশের দ্রুত শিল্পায়নের পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।সেমিনারে ব্যবসায়ীদের প্রস্তাবকে সমর্থন করে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশ ব্যাংক, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), অর্থনীতিবিদসহ সবাইকে নিয়ে এই কমিটি গঠন করা যেতে পারে।‘আমদানিবিকল্প পণ্য উৎপাদন ও নতুন শিল্প স্থাপনে উৎসাহমূলক ট্যারিফ কাঠামো’ শীর্ষক এক সেমিনারে উদ্যোক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এই সেমিনারের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।আসন্ন ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পবান্ধব ট্যারিফ কাঠামো সুপারিশের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার জন্য সেমিনারের আয়োজন করে মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণী এবং বার্তা সংস্থা ইউএনবির সংবাদে এসব তথ্য জানানো হয়।শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আলোচনায় অংশ নেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ টি এম নুরুল আমিন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম।সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এটা শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা শিল্পায়ন প্রক্রিয়ার গতিকে থামিয়ে দিচ্ছে। জবাবদিহি না থাকলে শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়।এ কে আজাদ বলেন, লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলো সরকারি-বেসরকারি অংশীদারিতে দেওয়া হলে এগুলো লাভজনক করা সম্ভব। এটা তখন কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয়ের একটি ক্ষেত্রে পরিণত হবে।সেমিনারে অন্য উদ্যোক্তারা বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করতে হবে। জনগণের মাথাপিছু আয় বাড়িয়ে ন্যূনতম দুই হাজার ডলারে পৌঁছাতে হবে। তাঁরা বলেন, ২০০১ থেকে ২০১১ অর্থবছরে একই সঙ্গে দেশের আমদানি ও রপ্তানি বেড়েছে। এ ক্ষেত্রে রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধির পরিমাণ বেশি হওয়ায় বাণিজ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। এটি মোকাবিলায় অপ্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ করে শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কসুবিধা দেওয়া প্রয়োজন।সেমিনারে দেশে নতুন নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহী করতে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্ধারিত শিল্পের শুল্ক ও করকাঠামোর স্থায়িত্ব বজায় রাখার সুপারিশ করা হয়। ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, আমদানিবিকল্প শিল্প স্থাপনে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শূন্য শুল্ক নির্ধারণ, দেশের সব বিসিক শিল্পনগরে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসে গমনেচ্ছুক ব্যক্তিদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরামর্শ দেন।শিল্পমন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী শুল্ক ও করকাঠামো নির্ধারণ করা হলে দেশে শ্রমঘন ও টেকসই শিল্পায়ন সম্ভব। তিনি বলেন, শিল্প খাতের সব পক্ষের সঙ্গে আলোচনা না করে শুল্ক ও কর নির্ধারণের সনাতনী সংস্কৃতি থেকে বের হয়ে আসা প্রয়োজন।উল্লেখ্য, বর্তমান শুল্ককাঠামো অনুসারে শিল্প খাতের মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক ৩ শতাংশ, মধ্যবর্তী কাঁচামালের জন্য ১০ শতাংশ, মধ্যবর্তী উপাদান ১৫ শতাংশ এবং তৈরি পণ্যের আমদানি শুল্ক ২৫ শতাংশ সর্বোচ্চ হার নির্ধারণ করা আছে।