শিল্পবান্ধব সিদ্ধান্তগুলো খুব দ্রুত নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আহসান খান চৌধুরী
আহসান খান চৌধুরী
খাদ্য প্রক্রিয়াজাত, প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিকস, বাইসাইকেল, বস্ত্র, টয়লেট্রিজ সামগ্রীসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত দেশের শীর্ষ পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। বাংলাদেশে ব্যবসার পরিবেশ, সমস্যা-সম্ভাবনাসহ ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আহসান খান চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন।

প্রথম আলো: নতুন অর্থবছরের (২০১৬-১৭) বাজেট ঘোষণা করা হয়েছে। একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে এ বাজেটে কী পেলেন?
আহসান খান চৌধুরী: ঘোষিত বাজেটেও আগের বাজেটগুলোর ধারাবাহিকতা রয়েছে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি আমাদের জন্য বেশ ভালো দিক। তবে বাজেটের খারাপ দিক যেটা মনে হয়েছে তা হলো, বিদ্যমান করদাতাদের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে। আমার মতে, করের আওতা বাড়িয়ে কর আদায় বাড়ানোর দিকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের নজর দেওয়া উচিত। শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ঘোষিত বাজেটের পর আমাদের ওপর অগ্রিম আয়কর বা এআইটির চাপ আরও বেড়েছে।
প্রথম আলো: প্রস্তাবিত বাজেট কি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে মনে করেন?
আহসান খান চৌধুরী: বিনিয়োগের ক্ষেত্রে তো গ্যাস, বিদ্যুৎসহ অবকাঠামোর সমস্যা রয়ে গেছে। তারপরও কিন্তু বিনিয়োগ হচ্ছে। আমরা যাঁরা উদ্যোক্তা, তাঁরা আমাদের মতো করে বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে আমরা সরকার বা নীতিনির্ধারকদের কাছ থেকে দ্রুততম সময়ে কিছু নীতি সহায়তা প্রত্যাশা করি। বেসরকারি খাতের দ্রুত বিকাশ বা অগ্রগতি চাইলে সরকারকে শিল্পবান্ধব সিদ্ধান্তগুলো খুব দ্রুততার সঙ্গে নিতে হবে। আমরা জানি, সরকার আমাদের দ্রুততার সঙ্গে গ্যাস দিতে পারবে না। ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম, তাহলে গ্যাসের পরিবর্তে অন্তত দ্রুততার সঙ্গে সরকার আমাদের বিদ্যুৎ দিক। অনেক দিন ধরে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলে আসছেন বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নতির কথা। সরকারের উচিত সেটি অন্তত দ্রুততার সঙ্গে সমাধান করা। বেসরকারি খাত এগিয়ে যায় মূলত যেকোনো বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে। সেখানে সরকারের দিক থেকে দ্রুত সিদ্ধান্ত পাওয়া না গেলে এ গতি বাধাগ্রস্ত হয়। এ ছাড়া ব্যবসাসংক্রান্ত যেসব নীতি রয়েছে, সেগুলোকে আরও সহজ এবং ব্যবসাবান্ধব করা দরকার।

.
.


প্রথম আলো: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা কেমন?
আহসান খান চৌধুরী: এ দেশে ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা আছে। বিভিন্ন খাতে ব্যবসা প্রসারের সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে নতুন করে বা নতুন প্রজন্মের কেউ যদি ব্যবসার চিন্তা করেন, তাহলে তাঁকে অবশ্যই আজকের কথা ও মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে এগোতে হবে। পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। আমরা যে ব্যবসা করছি, সেখানে হয়তো নতুন করে কেউ এসে খুব ভালো কিছু করতে পারবেন না। সেই কারণে আমরা কিন্তু আজকের বাস্তবতাকে মাথায় রেখে নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করছি।
প্রথম আলো: আপনি তো দ্বিতীয় প্রজন্মের একজন সৌভাগ্যবান ব্যবসায়ী। আপনার বাবার (প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী) গড়া প্রতিষ্ঠানের হাল ধরেছেন। সেটিকে এগিয়ে নিতে আপনার চেষ্টা কী?
আহসান খান চৌধুরী: সেই অর্থে আমি অবশ্যই সৌভাগ্যবান। বাবার গড়া প্রতিষ্ঠানে এসে যুক্ত হয়েছি। ১৯৮১ সালে আমার বাবা শূন্য থেকে প্রাণ-আরএফএল গ্রুপ শুরু করেছিলেন। তখন বাবার মূলধন ছিল মাত্র তিন লাখ টাকা। ১৯৯২ সালে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হই। বাবার জীবদ্দশায় প্রতিষ্ঠানটি সারা দেশে একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার লক্ষ্য এখন একটাই, এটিকে বহুজাতিক (মাল্টিন্যাশনাল) প্রতিষ্ঠানে রূপ দেওয়া। আশা করছি, আগামী ১০ বছরের মধ্যে প্রাণ-আরএফএল পৃথিবীর একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হবে।
প্রথম আলো: প্রাণের এই সাফল্যের রহস্য কী?
আহসান খান চৌধুরী: রহস্য কিছুই না। আমরা এ দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে পণ্য তৈরি করি। অন্য প্রতিষ্ঠানগুলো যেখানে পণ্যের দাম বাড়ানোর জন্য উদ্গ্রীব, সেখানে সব সময় আমাদের চিন্তা থাকে কীভাবে দাম কমানো যাবে। প্রতিনিয়তই আমাদের সেই চেষ্টা চলতে থাকে। সে জন্য দেখবেন, রাস্তার ধারে ছোট টংয়ের চায়ের দোকানেও নিম্ন আয়ের মানুষের কাছে প্রাণের পণ্য বেশ জনপ্রিয়। আমরা দামি কোনো পণ্য তৈরি করি না।
প্রথম আলো: কম দামে পণ্য তৈরি করে কীভাবে লাভের হিসাব ঠিক রেখেছেন?
আহসান খান চৌধুরী: আমাদের ব্যবসার অভিজ্ঞতায় আমরা দেখেছি, পণ্যের যত বেশি হাতবদল হয়, দামও তত বাড়তে থাকে। প্রতিবার হাতবদলের জন্য ১০ শতাংশ করে দাম বাড়ে। সে জন্য আমরা পণ্য উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত হাতবদলের কোনো ব্যবস্থা রাখিনি। নিজেদের উদ্যোগেই শক্তিশালী একটি সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইন গড়ে তুলেছি। এ ছাড়া পণ্য তৈরিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি। এ দুই কারণেই মূলত প্রাণের পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারি।
প্রথম আলো: আমরা তো জানি, বিশ্বের বিভিন্ন দেশে প্রাণের বাজার রয়েছে। বর্তমানে বিশ্বের কয়টা দেশে আপনাদের পণ্য রপ্তানি হয় এবং সেখানকার অবস্থান কেমন?
আহসান খান চৌধুরী: বর্তমানে বিশ্বের ১৩০টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য, সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল ও আফ্রিকায় আমরা বেশ ভালো অবস্থানে রয়েছি। সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আমাদের অবস্থান এতটাই সুদৃঢ় যে আমরা সে দেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। এ ছাড়া ভারত, নেপাল ও আফ্রিকার বাজারেও আমরা বেশ ভালো করছি।
প্রথম আলো: দেশ-বিদেশি ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে কী ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন?
আহসান খান চৌধুরী: কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে সরকারের যে সহায়তা রয়েছে, তা রপ্তানির জন্য বেশ সহায়ক। আমরা এখন চাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে প্রাণকে ছড়িয়ে দিতে। সে ক্ষেত্রে বিদেশে বিনিয়োগের কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানাচ্ছি বিদেশে বিনিয়োগ নীতিটি পরিবর্তনের জন্য। এ ছাড়া বিদেশি ঋণ গ্রহণের ক্ষেত্রেও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা রয়েছে। সেটিও সহজ করা দরকার। দেশে এখন বড় বড় শিল্প বা ব্যবসায়িক করপোরেট প্রতিষ্ঠান গড়ে উঠছে। প্রতিষ্ঠানভেদে সমস্যাও ভিন্ন ভিন্ন। সরকারের বা নীতিনির্ধারকদের উচিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের ব্যবস্থা করা।
প্রথম আলো: বর্তমানে প্রাণে কত মানুষের কর্মসংস্থান রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আহসান খান চৌধুরী: বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে সরাসরি ৮৫ হাজার লোকের কর্মসংস্থান রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে আগামী দুই বছরের মধ্যে তা দুই লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বিশ্বের একাধিক দেশে প্রাণের কারখানা তৈরিরও ভবিষ্যৎ পরিকল্পনা আছে।
প্রথম আলো: দীর্ঘদিন ধরে আপনাদের প্রতিষ্ঠান খাদ্যপণ্য ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যবসার সম্ভাবনা কেমন?
আহসান খান চৌধুরী: শুধু বাংলাদেশ নয়, পৃথিবীজুড়ে খাদ্যপণ্যের ব্যবসার সম্ভাবনা অনেক। প্রতিদিনই বাজারটি বড় হচ্ছে। মানুষের মাথাপিছু আয় যত বাড়বে, বাজারটিও তত বেশি সম্প্রসারিত হবে। দেশের বাজারের পাশাপাশি রপ্তানি বাজারকে বিবেচনায় নিয়ে প্রাণ নতুন নতুন পণ্য উৎপাদন করছে। এরই মধ্যে আমরা কানাডায় হিমায়িত শিঙাড়া রপ্তানি করছি। কারণ, সেখানে শিঙাড়া বানাতে যে খরচ পড়ে, এর চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারে।
প্রথম আলো: খাদ্যপণ্যের ক্ষেত্রে পণ্যের মান খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যপণ্যের মান নিয়ে প্রায় প্রশ্ন ওঠে। পণ্যের মান বজায় রাখতে আপনাদের কী ব্যবস্থা রয়েছে?
আহসান খান চৌধুরী: উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে আমাদের নিয়ন্ত্রণ ও তদারকি থাকে। এমনকি উৎপাদন পর্যায়ে কৃষকদের সঙ্গেও আমাদের প্রতিষ্ঠান সরাসরি কাজ করে। যেহেতু পুরো প্রক্রিয়াটি আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মান নিশ্চিত করা হয়।