শিল্পবিষয়ক তথ্যভান্ডার গঠনের পরামর্শ এমসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তাদের তথ্যগত সেবা দেওয়ার জন্য একটি শিল্পবিষয়ক তথ্যভান্ডার গড়ে তোলার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্ববাজারে বাংলাদেশি শিল্পপণ্য রপ্তানির পথ সুগম করতে বিএসটিআইকে আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করার তাগিদ দিয়েছে। প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে বিএসটিআইয়ের সক্ষমতা বাড়ানোরও সুপারিশ করেছে। অন্যদিকে শিল্পমন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি উদ্যোক্তাদের তথ্যসেবা দিতে শিল্প মন্ত্রণালয়ে গবেষণা ও উন্নয়ন সেল গঠন করা হয়েছে। এর আওতায় দেশে স্থাপিত বিভিন্ন শিল্পকারখানার তথ্য সংগ্রহের জন্য ওয়েববেজ্ড ইনফরমেশন সিস্টেম চালু করা হচ্ছে। এই সেলকে শক্তিশালী করতে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ থাকবে বলে তিনি জানান। ্রগতকাল বুধবার দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের অন্যতম প্রভাবশালী সংগঠন এমসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎকালে এসব পরামর্শ দেন।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠককালে বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, এমসিসিআইয়ের সভাপতি মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, সহসভাপতি নিহাদ কবির, কার্যনির্বাহী পরিষদের সদস্য গোলাম মাঈনুদ্দিন, আনিস এ খান, কামরান টি রহমান, আবিদ এইচ খান, সৈয়দ তারেক মোহাম্মদ আলী, উপদেষ্টা চৌধুরী কামাল হায়দার ও মহাসচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।বৈঠকে এমসিসিআইয়ের নেতারা দেশের শিল্প খাত গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ করেন। তাঁরা বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়ার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।এমসিসিআইয়ের নেতারা বলেন, জাতীয় শিল্পনীতি-২০১০-এর সফল বাস্তবায়ন দেশের শিল্প খাতকে গতিশীল করবে।