শিল্পশ্রমিক থেকে বড় স্থাপনা বিমার আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা খাত বিকাশের স্বার্থে দেশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বাধ্যতামূলক বিমা পলিসির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।সমিতি একই সঙ্গে প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমজীবীরা যেন বিমার আওতায় আসেন, সে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশের বড় স্থাপনা ও অবকাঠামো এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে বিমার আওতায় নিয়ে আসার সুপারিশ করা হয়। বিমা শিল্পের উন্নয়নে আগামী দুই বছরের প্রস্তাব বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে সমিতির সভাপতি (বিআইএ) শেখ কবির হোসেন এসব দাবি ও সুপারিশ করেন। রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার ভবনে বিআইএর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিআইএর সহসভাপতি আহসানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা মো. নুরুল ইসলাম, নাসির এ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এতে লিখিত বক্তব্যে কবির হোসেন বলেন, ‘গত অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে প্রায় দুই হাজার কোটি ডলার আয় হয়েছে। এ খাতে ৩০ লাখ নারী শ্রমিকসহ মোট ৩৬ লাখ শ্রমিক কর্মরত আছেন। উদ্বেগের বিষয় এই যে বর্তমানে তৈরি পোশাকশিল্পে মাত্র ২০ জনের জন্য গ্রুপ বিমা করা হয়।’কবির হোসেন প্রতিটি তৈরি পোশাকশিল্প ইউনিটের ভবন, যন্ত্রপাতি ও এর সঙ্গে নিয়োজিত সব শ্রমিককে বাধ্যতামূলকভাবে বিমা পলিসির আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে মৃত্যুজনিত ক্ষতিপূরণের জন্য বিদ্যমান এক লাখ টাকার পরিবর্তে পাঁচ লাখ নির্ধারণেরও প্রস্তাব দেন।কবির হোসেন আরও বলেন, ‘যমুনা, মেঘনা, গোমতী সেতুর মতো দেশের বড় বড় সেতুগুলো এবং বঙ্গভবন বা সংসদ ভবনসহ অন্য সকল বৃহৎ অবকাঠামোগুলোকে বিমা পলিসির মধ্যে আনা প্রয়োজন। আমাদের মতো স্বল্প সম্পদের দেশে এত বড় ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে ঝুঁকির মধ্যে রাখা সচেতনতার কথা নয়।’কবির হোসেন বলেন, দেশের বিভিন্ন আধুনিক শপিংমল ও বিপণিবিতানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নেই। এই অবস্থায় সংশ্লিষ্ট দোকান মালিক ও ব্যবসায়ীদের তিনি বিমা পলিসির আওতায় আসার অনুরোধ জানান। তিনি ট্রেড লাইসেন্স প্রদান কিংবা নবায়নের সময় সব শপিংমল বা দোকানকে অগ্নিবিমার সনদ প্রদর্শন বাধ্যতামূলক করার দাবি জানান। সংবাদ সম্মেলনে কৃষি বিমা প্রবর্তন, বিমা শিক্ষার উন্নয়নে বিমা একাডেমি আধুনিকায়ন এবং বিমা পলিসি গ্রহণকারীর নিরাপত্তা তহবিল গঠনের দাবি তুলে ধরা হয়। এ ছাড়া শেয়ারবাজারে বিমা কোম্পানির অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিমা কোম্পানিগুলোর জন্য আইপিওতে ন্যূনতম ১০ শতাংশ কোটা সংরক্ষণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো বিমা কোম্পানিগুলোর অনুকূলে সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সনদ প্রদান এবং মিউচুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের ব্যবস্থাপনার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার লাইসেন্স প্রদানেরও দাবি জানান কবির হোসেন।