শিল্পসহায়ক সুদের হার দাবি
ব্যাংকঋণের সুদের হার শিল্পসহায়ক করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। ব্যবসায়ী-শিল্পপতিদের এই শীর্ষ সংগঠনটি আরও বলেছে, দেশের সামগ্রিক অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এমন সুদ হার নির্ধারণ করতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে এক বৈঠকে এফবিসিসিআইয়ের নেতারা এই দাবি জানান। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে বৈঠকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলি খান, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ। অন্যদিকে ব্যবসায়ী নেতাদের মধ্যে এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মো. জসিম উদ্দিন, পরিচালক নুরুল ফজল বুলবুল, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে লিখিত বক্তব্যে গভর্নর বলেন, ‘শিল্প খাতের চলতি মূলধন সহনীয় ও উদ্যোক্তাবান্ধব করতে শিগগির ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা হবে।’ দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে গভর্নর আরও বলেন, ‘সামগ্রিকভাবে জাতীয় সঞ্চয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজন রয়েছে। এ ছাড়া নিয়মিত ঋণ পরিশোধের ফলে বৈদেশিক ঋণের সহজলভ্যতা আমাদের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও সরকারি ঋণকে একটি সীমার মধ্যে রেখেছে।’ গভর্নর জানান, দেশের চাহিদার ৯৬ শতাংশ খাদ্য এখন দেশে উৎপাদন হচ্ছে। তার পরও যথেষ্ট আমদানি হচ্ছে। বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের জানান, ব্যাংকঋণে সুদ হারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়ায় এখন সুদ হার সীমাহীন হয়ে যাচ্ছে। চলতি মূলধন ঋণের জন্য এখন ১৫ থেকে ১৮ শতাংশ হারে সুদ গুনতে হচ্ছে। এতে ব্যবসার খরচ অনেক বেড়ে যাচ্ছে। এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, সামগ্রিকভাবে ব্যাংক খাতে তারল্য সংকট না থাকলেও কয়েকটি ব্যাংকে সংকট আছে। তাই চেক জমা দিয়েও সময়মতো টাকা পাওয়া যাচ্ছে না। সুদের হার বাড়ানোর জন্য অনেক ব্যাংক প্রতিযোগিতা করছে—উল্লেখ করে এ কে আজাদ বলেন, ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে এফবিসিসিআই ব্যবসায়ীদের সামগ্রিক সমস্যা তুলে ধরেছে। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ব্যবসায় ব্যয় বাড়লে একদিকে যেমন মূল্যস্ফীতি বাড়বে, অন্যদিকে আশানুরূপ বিনিয়োগ না আসায় কর্মসংস্থান কমে যাবে।এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের জানিয়েছে, সংগত কারণে সুদ হারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হয়েছে। তাই সুদের হারের সীমা নির্ধারণের এখনই কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের নেই। তবে ব্যাংকগুলোকে নমনীয় সুদের হার নির্ধারণের পরামর্শ দেওয়া হবে বলে তিনি জানান।