শিল্পায়ন-প্রক্রিয়া মন্থর হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্পায়ন-প্রক্রিয়া মন্থর হয়ে পড়েছে। কৃষিনির্ভরতা থেকে টেকসই এবং মূল্য সংযোজনকারী শিল্পায়নে রূপান্তরের শ্লথ গতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর মাসিক ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ প্রতিবেদনের সেপ্টেম্বর (২০১৪) সংখ্যায় এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান কমছে। ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে এই হার ছিল যথাক্রমে ১৭ দশমিক ৭৫ শতাংশ, ১৮ দশমিক ২৮ শতাংশ, ১৯ শতাংশ ও ১৯ দশমিক ৪৫ শতাংশ।

কর্মসংস্থানের জন্য কৃষি খাতের ওপর ব্যাপক নির্ভরশীলতার পাশাপাশি শিল্প খাতে শ্রমিকের কম ধারণক্ষমতা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নের অভাব, কম মূলধন, রপ্তানিতে বৈচিত্র্যের অভাব, অদূরদর্শী সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের অভাব দেশে শিল্প খাতের উন্নয়নের অন্তরায় বলে উন্নয়ন অন্বেষণ মনে করে।

উন্নয়ন অন্বেষণ বলছে, দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকলে এই খাতে বিনিয়োগ পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যা খাতটিতে প্রবৃদ্ধির হার আরও কমিয়ে দিতে পারে।

অর্থনীতিতে শিল্প খাতের মূল্য সংযোজন পরিমাপের জন্য ব্যবহৃত উৎপাদনের পরিমাণ সূচক (কোয়ান্টাম ইনডেক্স বা কিউআইপি) থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ১৯৯২-৯৩ অর্থবছর থেকে ২০০০-০১ অর্থবছর পর্যন্ত অর্থনীতিতে মাঝারি ও বৃহৎ শিল্পের মূল্য সংযোজনের পরিস্থিতি সাম্প্রতিক সময়ের চেয়ে তুলনামূলক ভালো ছিল। ১৯৯২-৯৩ অর্থবছরে কিউআইপি ১৪১ দশমিক ৮০ থেকে ২০০০-০১ অর্থবছরে ২২৮ দশমিক ৪৩ হয়। তবে ২০১৩-১৪ অর্থবছরে তা কমে হয় ২০৪ দশমিক ৪৫।

সাম্প্রতিক সময়ের শিল্পঋণের প্রবাহ কমে যাওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে জানুয়ারি-মার্চ সময়ে শিল্পঋণ বিতরণের পরিমাণ কমে নয় হাজার ২৮৩ কোটি ৫০ লাখ টাকায় এসে একই অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে ছিল ১২ হাজার ৬৮৪ কোটি ৬৬ লাখ টাকা।

শিল্প খাতের কর্মক্ষমতার বর্তমান দুর্বল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উন্নয়ন অন্বেষণ দূরদৃষ্টিসম্পন্ন সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের মাধ্যমে একটি কৌশল অবলম্বনের ওপর গুরুত্ব আরোপ করেছে।