বন্ড বাজার উন্নয়নে অর্থমন্ত্রীর গুরুত্বারোপ
শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে বিদ্যুৎসংকট মোচনের তাগিদ
দেশে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর স্বার্থে দ্রুত বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শিল্পপতি, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, কেবল বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে দেশে বিনিয়োগ বাড়ছে না। আর বিনিয়োগ বাড়াতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব অভিমতের সঙ্গে একমত পোষণ করেন। একই সঙ্গে তিনি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য দেশের বন্ড বাজার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল শনিবার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বিদ্যুৎসংকট মোকাবিলায় দ্রুত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা এসব বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লা ব্যবহারের জন্য অচিরেই কয়লানীতি প্রণয়নেরও দাবি জানান। তবে দেশের বৃহত্তর স্বার্থে কয়লা উত্তোলনের জন্য উন্মুক্ত পদ্ধতি ব্যবহারের পক্ষেও মতামত ব্যক্ত করেন অনেকেই।বক্তারা আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ভ্যাটের আওতা যেভাবে বাড়ানো হয়েছে, তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবিকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এ আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব ও সংবাদ-এর নির্বাহী সম্পাদক কাশেম হুমায়ুন। আলোচনায় অংশ নেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, সাংসদ রাশেদ খান মেনন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, সাবেক সাংসদ মুশফিকুর রহমান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ব্যাংকার আর এম দেবনাথ প্রমুখ।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অতীতে দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতির জন্য বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারেনি। এ কারণে বিদ্যুৎকেন্দ্র স্থাপন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দ্রুত বিদ্যুৎসংকট কাটাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে এসব কেন্দ্রে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলেও আগামীতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল ব্যবহার করা হবে। এর ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে আসবে। অর্থমন্ত্রী আরও বলেন, রাজস্ব আয় বাড়াতে ইতিমধ্যে ভ্যাট আইনের সংস্কার করা হয়েছে। আগামী বছর আয়কর আইনের সংস্কার করা হবে।মুহিত বলেন, সরকারি সংস্থা টিসিবি ও বিএডিসির অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। কারণ বিটিএমসি ও বিজেএমসিসহ সব করপোরেশনকেই লুটপাট করে খাওয়া হয়েছে। পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত কয়লানীতি প্রণয়ন করতে হবে। তিনি বলেন, বিদ্যুৎ দেশের দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা পালন করে। এ জন্য দ্রুত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও সব বিদ্যুৎকেন্দ্রে আমদানির পরিবর্তে স্থানীয় কয়লা ব্যবহারের তাগিদ দেন। সাংসদ রাশেদ খান মেনন বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য জাতীয় স্বার্থ রক্ষা করে দ্রুত কয়লানীতি প্রণয়ন করতে হবে। তিনি সঞ্চয়পত্রের ওপর আরোপিত কর কমানোর প্রস্তাব করেন। এ ছাড়া স্থানীয় সরকারের উন্নয়নে বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব করেন।এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, জাতীয় বাজেট উচ্চাভিলাষী হওয়া প্রয়োজন। তবে অনেকে বাজেট গতানুগতিক বলে সমালোচনা করলেও এর বাইরে কীভাবে করতে হবে তার পরামর্শ দেন না। প্রস্তাবিত বাজেটে আগের ধারাবাহিকতা রয়েছে বলে তিনি জানান।মির্জ্জা আজিজ বলেন, কেবল প্রণোদনা দিলেই বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ বাড়ানোর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং ব্যবসার ব্যয় কমাতে হবে। তিনি দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বন্ড বাজার উন্নয়নে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশের জিডিপির প্রবৃদ্ধির হার বাড়াতে হলে বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ নিয়ে অর্থমন্ত্রীর পথনির্দেশিকা যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাব করেন।কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হলে টিসিবিকে সক্রিয় করতে হবে। দেশের অবকাঠামো উন্নয়নে পিপিপিকে কার্যকর করার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতিমুক্ত করা হলে বাজেট বাস্তবায়ন করা সম্ভব।অধ্যাপক এম এম আকাশ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কার্যকর করতে হবে। তিনি বলেন, কেবল খাদ্য নিরাপত্তা বাড়ালেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে না। এ জন্য বাজার নিয়ন্ত্রণ-ব্যবস্থা রাখতে হবে। কয়লা উত্তোলনের ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির তীব্র বিরোধিতা করে জাতীয় স্বার্থে খনন পদ্ধতির ওপর জোর দেন তিনি। আনিসুল হক বলেন, বাজেটে করের আওতা যেভাবে বাড়ানো হয়েছে, তা দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে পারে। তিনি কর আদায়ের পদ্ধতি সুষম করার প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব ও প্রবৃদ্ধিমুখী বলে জানান। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, সরকারি ব্যয় বাড়াতে বাজেটের আকার বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বাজেট বাস্তবায়নের গুণমান বাড়াতে হবে। তিনি বাজেটে অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন।