শিল্পায়ন হলে এমনিতেই রাজস্বের পরিমাণ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: প্রস্তাবিত বাজেট থেকে ব্যবসায়ীরা কী পেলেন?জসিম উদ্দিন: বাজেটে রপ্তানিমুখী শিল্পের জন্য সরকার মূলধনি যন্ত্রপাতি ও ইটিপির যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এ ছাড়া বেশকিছু ক্ষেত্রে আমদানি ও সম্পূরক শুল্ক কমানো হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সমস্যাও তৈরি হয়েছে। রপ্তানি খাতে উৎসে কর বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এটা নেতিবাচক প্রভাব ফেলবে। আবার দোকানদারদের ওপর প্যাকেজ ভ্যাট তুলে দিয়ে ৪ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এটা করলে ভ্যাট আদায়ের পরিমাণ কমে যাবে, বরং প্যাকেজের আওতায় রেখে ভ্যাটের পরিমাণ কিছু বাড়ালে ভালো হতো। রাজস্ব আদায় বাড়ানোর জন্য এনবিআর শুধু ভ্যাটের পরিমাণই বাড়াচ্ছে। এনবিআরকে যদি রাজস্ব আদায়ের যন্ত্রে পরিণত করা হয়, তাহলে দেশে কখনো শিল্পায়ন হবে না। অন্যদিকে, শিল্পায়ন হলে এমনিতেই রাজস্বের পরিমাণ বাড়বে।প্রথম আলো: বিশ্বমন্দার কারণে আগামী দিনগুলোতে ব্যবসা-বাণিজ্য কোন দিকে যাবে?জসিম উদ্দিন: ইউরোপে অর্থনৈতিক সংকটের কারণে আমাদের তৈরি পোশাকসহ সব পণ্যের রপ্তানি কমে গেছে। সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এর সঙ্গে রয়েছে দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বাড়ানো। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। গ্যাসের দাম নাকি আরও বাড়বে। এতে পণ্যের মূল্য বেড়ে যাবে। আবার কিছু ব্যবসা চীন থেকে সরে যাচ্ছে। জাপান চীনের পাশাপাশি আরেকটি দেশে যেতে চায়। কিন্তু আমরা সেই সুযোগ ধরতে পারছি না। এসব সুযোগ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এমনকি মিয়ানমারে চলে যাচ্ছে।প্রথম আলো: জাতীয় নির্বাচন নিয়ে ভবিষ্যতে দেশে অস্থিরতা হতে পারে। ব্যবসায়ীরা এ ক্ষেত্রে কী করতে পারেন?জসিম উদ্দিন: হরতাল না করে এ বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে, যেন দেশে অস্থিরতা না হয়, হরতাল না হয়। কারণ, দেশে অস্থিরতা দেখা দিলে বিদেশি ক্রেতারা শঙ্কায় থাকেন। এটি রপ্তানি বাণিজ্যের জন্য ভালো হবে না। তা ছাড়া হরতাল হলে বিদেশিরা বিনিয়োগে আসবেন না। আমি নিজেও নতুন করে বিনিয়োগ করব না। উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীরা একটি উদ্যোগ নিয়েছেন। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।প্রথম আলো: সরকারের কাছে কী নীতি-সহায়তা চান?জসিম উদ্দিন: কুইক রেন্টালের ফলে আমাদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। সরকার যদি কুইক রেন্টাল না করে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করত, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকার বেশি হতো না। এ জন্য এফবিসিসিআই দীর্ঘদিন ধরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে সরকারকে প্রস্তাব দিয়ে আসছে। আবার আমরা যে ‘চায়না প্লাস ওয়ান’ সুযোগটা ধরতে পারছি না তার বড় কারণ হলো, প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানিসুবিধা না থাকা। এ জন্য সরকারের উচিত এডিপির প্রকল্পগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামো খাতের প্রকল্পগুলো গুরুত্ব দেওয়া। এ ছাড়া বিভিন্ন খাতের জন্য আলাদা শিল্পনগর প্রতিষ্ঠা এবং কাঁচামালের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শিল্প ক্লাস্টার করা যেতে পারে।প্রথম আলো: আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে অস্থিরতা কেন হলো? এ থেকে উত্তরণের পথ কী?জসিম উদ্দিন: আশুলিয়ায় অস্থিরতা কোনো দাবিদাওয়া নিয়ে শুরু হয়নি, হয়েছিল গুজবকে কেন্দ্র করে। পরে তা দাবিদাওয়ায় রূপ নেয়। আমাদের জানামতে, আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় গন্ডগোল লাগে গুজবকে কেন্দ্র করে। আর ভুক্তভোগী হন তৈরি পোশাকশিল্প ও নিরীহ শ্রমিকেরা। এতে ক্রেতারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন। কিছু এনজিও আর নামসর্বস্ব শ্রমিক সংগঠনের নেতারা এই শিল্পে অস্থিরতা তৈরি করছেন। সরকারের উচিত, সঠিক তথ্য সংগ্রহ করে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। মালিকদের মধ্যে সমস্যা থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। তা না হলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে থাকবে। [সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]