শিল্পে উৎপাদন ব্যয় বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যেকোনো পর্যায়ের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগের প্রতিবন্ধকতার তালিকায় শীর্ষে থাকে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়া এবং নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব। সরকারকে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তাঁরা।
এই অবস্থায় নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াল সরকার। ব্যবসায়ীরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে শিল্পে উৎপাদন ব্যয় বাড়বে। প্রতিযোগী দেশগুলোর চেয়ে তাঁরা আরও পিছিয়ে পড়বেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তাই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। নতুন বিনিয়োগকারীরা আরও নিরুৎসাহিত হবেন।’
সরকার যদি নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেয়, তাহলে এসবের দাম বাড়ালে কোনো সমস্যা দেখেন না এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘দাম বাড়ালে আমাদের আপত্তি নেই, কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আমরা তো সেটা পাচ্ছি না। এর মধ্যে আবার দাম বাড়ানো হলো। এতে শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এমনিতেই প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে আছি। ইউরোপে আমাদের রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। সব মিলিয়ে আমরা চাপে আছি। গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে আমাদের চাপটা আরেকটু বাড়ানো হলো।’
নতুন গ্যাস-সংযোগ চেয়ে গ্যাস বিতরণকারী সংস্থাগুলোতে কয়েক হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ডিমান্ড নোটও ইস্যু করা হয়েছে। কিন্তু এত দিন তাদের গ্যাস-সংযোগ দেওয়া হয়নি। গ্যাস-সংযোগ চেয়ে কয়েক হাজার আবেদনও সংস্থাগুলোতে জমা পড়ে আছে।
ব্যবসায়ীদের সূত্র বলছে, ডিমান্ড নোট ইস্যু হওয়া ১৬৬টি শিল্পে গ্যাস-সংযোগ এবং ১৮৪টি শিল্পে গ্যাসের চাপ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ কে আজাদ আরও বলেন, ‘গত (বুধবার) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আমি বলেছি, গৃহে ও সিএনজি স্টেশনে যে গ্যাস দেওয়া হচ্ছে, তা শিল্পে দেওয়া হলে নতুন করে অনেক শিল্প গড়ে উঠবে।’
উৎপাদনের প্রায় সব স্তরেই গ্যাস লাগে ইস্পাতশিল্পে। প্রচুর বিদ্যুৎও খরচ হয়। বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের হিসাবমতে, দেশে এখন ৩০টির মতো স্বয়ংক্রিয় (অটো) রি-রোলিং মিল আছে। আর ম্যানুয়াল রি-রোলিং মিল আছে ২০০টির মতো।
গ্যাস-বিদ্যুতের বর্ধিত দামে উৎপাদন পোষাতে না পেরে এর অনেকগুলোই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল আলম। তিনি বলেন, ‘সারা বিশ্বে যেখানে জ্বালানি তেলের দাম কমছে, সেখানে দেশে হচ্ছে উল্টো। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফলে আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। সরকার বলছে, তারা শিল্পে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এটাই কি তার লক্ষণ?’
বিদ্যুৎ–সংযোগের সিদ্ধান্তে সাধুবাদ: এখন থেকে নতুন শিল্পে বিদ্যুৎ-সংযোগ পাওয়া যাবে। বিদ্যুতের জন্য যেসব আবেদন জমা পড়ে আছে সেগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদনকারী শিল্পকারখানাগুলো বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না। এতে শিল্পগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন শিল্পগুলো উৎপাদনে যেতে পারবে।
এফবিসিসিআই সহসভাপতি মাহবুবুল আলম বলেছেন, ‘এমনি বিদ্যুৎ দিলে হবে না। শিল্পের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুতের প্রয়োজন। এটা না পেলে আমরা উৎপাদন কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারি না। উৎপাদন ব্যয় বেড়ে যায়।’