শিল্পে বিনিয়োগের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন খালেদ
হোসেন খালেদ

এ বছরের বাজেটকে আমার কাছে গতানুগতিক মনে হয়েছে। নতুন শিল্পে বিনিয়োগের জন্য বাজেটে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। তৈরি পোশাকশিল্পের জন্য করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে একটি প্রণোদনা দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের স্থানীয় অনেক শিল্প রয়েছে, যেখানে তৈরি পোশাক খাতের মতো অথবা তার বেশি হারে কর্মসংস্থান হচ্ছে। কিন্তু অন্য কোনো শিল্পকে প্রণোদনার জন্য বিবেচনা করা হয়নি।
সরকারের শিল্পনীতিতে যেভাবে বিভিন্ন শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, বাজেটে আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি। যেহেতু বারবারই শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই ইতিমধ্যে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। জিডিপির অনুপাতে বিনিয়োগের হার এখন ২১ দশমিক ৫ শতাংশ, যা গত বছর ছিল ২২ শতাংশ।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্যাকেজ মূসক চালু রাখার উদ্যোগকে সাধুবাদ জানাই। যদিও প্যাকেজ মূসক দ্বিগুণ করার জন্য ব্যবসায়ীদের ওপর একটা চাপ পড়বে, তারপরও এটা ভালো। এখন দেশব্যাপী ৬৮ হাজার ব্যবসায়ী আছেন, যাঁরা প্যাকেজ মূসক দেন। তাঁদের সংখ্যা যদি আগামী এক বছরে না-ও বাড়ে, তাহলেও সরকারের রাজস্ব দ্বিগুণ বাড়বে। মূসক আইন এ বছর চালু না হলেও আইনটির অনেক বিষয়ই দেখা যাচ্ছে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এটি একটি সমস্যা তৈরি করবে। আবার ইসিআর ও পিওএস ব্যবস্থা চালু করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্যাকেজ ভ্যাট বহাল রাখার কথা বলা হচ্ছে। বিষয়গুলো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর যেন চাপিয়ে দেওয়া না হয়।
বেসরকারি বিনিয়োগকারীদের কেউই বসে থাকতে চায় না। সবাই চায় নিজের ব্যবসা বাড়বে। ব্যবসা বাড়লে কর বাড়বে, সরকারের রাজস্ব একই সঙ্গে বাড়বে। কিন্তু আমাদের ভয় হচ্ছে, ব্যবসায়ীরা যদি নতুন বিনিয়োগ করতে না পারে, তাহলে রাজস্ব আদায়ের এই চাপ বর্তমান ব্যবসায়ীদের ওপর এসে পড়বে।
সরকারি খাতের ব্যাংকের জন্য নতুন করে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা ঠিক হয়নি। আমি সব সময়ই ভর্তুকির বিপক্ষে। একদিকে একদল লোক টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে আর এর প্রভাব সাধারণ জনগণের ওপর এসে পড়ছে, এটা মেনে নেওয়া যায় না।
জমি নিবন্ধনের প্রকৃত মূল্য ও তালিকাভুক্ত মূল্যের মধ্যে যে পার্থক্য, সেটাকে পুনর্মূল্যায়ন করা দরকার। তা না করা হলে সরকারের কারণে ব্যবসায়ীদের কষ্টার্জিত অর্থকে অপ্রদর্শিত আয় হিসেবে প্রদর্শন করতে বাধ্য করা হচ্ছে। ব্যবস্থাটি পুনর্মূল্যায়ন না করা সম্ভব হলে এই পরিমাণ টাকা যেন অন্তত উৎপাদনশীল কোনো খাতে বিনিয়োগ করা সম্ভব হয়, সেই ব্যবস্থা করতে হবে।