শিল্পে বিশ্বব্যাংকের মেয়াদি ঋণ

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পকে সহায়তা দিতে বিশ্বব্যাংক মেয়াদি ঋণসুবিধা প্রদান করবে। এ ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে তৈরি পোশাক খাত, পাদুকাশিল্প ও হালকা প্রকৌশল। তা ছাড়া, তথ্যপ্রযুক্তিসহ আরও কিছু খাত এ সুবিধা পাবে।
ইতিমধ্যেই এ বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংস্থাটির কয়েক দফা আলোচনা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে ৩০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৩৪০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা ধরে) বরাদ্দও করেছে বিশ্বব্যাংক।
তৈরি পোশাক খাত, পাদুকাশিল্প ও হালকা প্রকৌশল খাতের জন্য বিশ্বব্যাংক বরাদ্দ দিয়েছে ২৬ কোটি ডলার। বাকি অর্থের মধ্যে তিন কোটি ৫০ লাখ ডলার থাকবে তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামো বিনির্মাণে এবং ৫০ লাখ ডলার বরাদ্দ থাকবে অন্যান্য খাতের জন্য। আগামী বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অর্থায়ন প্রস্তাব অনুমোদিত হবে বলে জানা গেছে।
যোগাযোগ করা হলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট শাহ নূর কাউয়ুম প্রথম আলোকে বলেন, ‘মোট তহবিল থেকে উৎপাদন খাতে ৮৫ শতাংশ পর্যন্ত মেয়াদি অর্থায়ন করা হবে। বাকি অর্থ ব্যয় হবে ঋণের কারিগরি সহায়তা বাবদ। গ্রাহক এ অর্থায়ন পাবে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক পুনঃ অর্থায়ন কর্মসূচি আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ তহবিল জোগান দেবে।’
বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এর আগে এবং এখনো দেশের বেসরকারি খাতে অর্থায়ন করছে। তবে সে অর্থায়ন হয়েছে মূলত বাণিজ্যিক ঋণ ও মূলধনি বা মালিকানায় অংশীদার অর্থায়ন হিসাবে। আর বছর দুয়েক ধরে সংস্থাটি বেসরকারি খাতে স্বল্পমেয়াদি অর্থায়ন করছে।
বিশ্বব্যাংকের প্রস্তাবিত উৎপাদন খাতের জন্য এ তহবিল থেকে যন্ত্রপাতি কেনা, কারখানা আধুনিকায়ন অর্থাৎ কারখানার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা, সম্প্রসারণ, ঢাকা থেকে কারখানা স্থানান্তরকাজে স্বল্প সুদের ঋণের জোগান দেবে ব্যাংকগুলো। কারখানা স্থানান্তরে তখনই এ ঋণ পাওয়া যাবে, যখন তা কোনো নির্ধারিত শিল্পাঞ্চল অথবা মালিকের নিজস্ব সম্পত্তিতে স্থানান্তর করা হবে। তবে কোনো জমি কেনায় এ অর্থ দেওয়া যাবে না।
তৈরি পোশাক: তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক ও রানা প্লাজা ধসে সহ্রসাধিক শ্রমিক নিহত হওয়ার পর দেশের সবচেয়ে বড় রপ্তানি আয় অর্জনকারী পোশাক খাতে কারখানা ভবনের নিরাপত্তা, শ্রমিকের কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টি সারা বিশ্বেই আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে। বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দুই জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ড দেশের পোশাক কারখানাগুলো পরিদর্শন করে অন্তত ২ শতাংশ কারখানা ভবনকে অযোগ্য ঘোষণা করেছে।
যোগাযোগ করা হলে তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম কয়েক দিন আগে বিশ্বব্যাংকের এ কর্মসূচিকে সঠিক সময়ে একটি বহুল আকাঙ্ক্ষিত প্রস্তাব হিসেবে উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পোশাক খাতে ভবনের নিরাপত্তা, কর্মপরিবেশ নিয়ে বিদেশি ক্রেতাদের প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন শেষ হয়েছে। তা ছাড়া, এই মুহূর্তে কারখানাগুলোর আধুনিকায়ন, আগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে অনেক অর্থের সংস্থান দরকার।’
আতিকুল ইসলাম বলেন, ‘ব্যাংক থেকে ১৪ থেকে ১৬ শতাংশ সুদের অর্থ নিয়ে এগুলো করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে বিশ্বব্যাংকের এ প্রস্তাব খুবই উৎসাহব্যঞ্জক।’
পাদুকাশিল্প: ঢাকার হাজারীবাগ থেকে পরিবেশদূষণকারী ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তর এখনো শেষ হয়নি। সেখানে এখন কারখানা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। চামড়াশিল্পের মালিকেরা কারখানা ভবন নির্মাণ ও শিল্প স্থাপনে সর্বশেষ সরকারের কাছে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ (১৫ বছর) পাওয়ার দাবি করছেন। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে আট বছর মেয়াদের ঋণ জোগানের নির্দেশনা ব্যাংকগুলোকে দিয়েছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও পাদুকা রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের কয়েক দিন আগে বিশ্বব্যাংকের এ ধরনের মেয়াদি অর্থায়নের সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের কারখানাগুলো সাভারে নেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই সরকারের কাছে স্বল্পসুদে অন্তত ১৫ বছরের মেয়াদি ঋণ দাবি করে আসছিলাম। এখন বিশ্বব্যাংক যদি দ্রুত এ পুনঃ অর্থায়নটি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব।’ তিনি অবশ্য বিশ্বব্যাংকের অর্থায়ন পরিশোধের মেয়াদ ১৫ বছর করা যায় কি না, সেটা ভাবতে সংস্থাটি ও কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দেন।
প্রক্রিয়া: বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই তহবিল যাবে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে। শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এই তহবিল থেকে অর্থ নিয়ে মেয়াদি বিনিয়োগ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্রগুলো জানায়, বিশ্বব্যাংক এই অর্থ কেন্দ্রীয় ব্যাংককে দেবে দশমিক ৫ শতাংশ সুদে। তবে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় এ অর্থ দিয়ে সুদ নেবে ৪ শতাংশের (লন্ডনে আন্তব্যাংক সুদের হারের সঙ্গে আড়াই শতাংশ যোগ করে) মতো। আর শিল্পমালিকদের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ সুদে।
যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কম, শক্তিশালী মূলধন ভিত্তি রয়েছে এবং ব্যাংকের সার্বিক আর্থিক সূচকগুলো ভালো, তাদেরকে এ পুনঃ অর্থায়নে সুবিধা দেওয়া হবে। তেমনি যেসব গ্রাহকের রপ্তানি খাতে ভালো আয় আছে, ব্যাংকের ভালো গ্রাহক হিসেবে স্বীকৃত, তাঁদের এই স্বল্পসুদের ঋণ জোগান দেওয়া হবে।
এ পুনঃ অর্থায়ন পাওয়া শিল্পটি ও ঋণ জোগানকারী ব্যাংকে বিশ্বব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তদারকি ও নজরদারির মধ্যে থাকবে, যেন কোনোভাবেই অর্থ ভিন্ন খাতে না যায় বা অপচয় না হয়।
বিশ্বব্যাংক এই মেয়াদি অর্থায়নের প্রকল্প নেওয়ার আগে এর ওপর সমীক্ষা করেছে। তারা দেখেছে, বৈদেশিক মুদ্রায় ব্যাংকগুলো বেসরকারি খাতে যেসব ঋণ দিয়েছে, তার মধ্যে ৩ শতাংশের কম পরিমাণ দেওয়া হয়েছে তিন থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদের। মূলত, অফশোর বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ব্যাংকিং থেকে এই স্বল্প মেয়াদের ঋণগুলোর জোগান আসে। ফলে সংস্থাটি মনে করে, এ খাতে গড়ে পাঁচ বছর, এমনকি সাত থেকে দশ বছর মেয়াদে অর্থায়নের সুযোগ রয়েছে।
সুবিধা দিতে যাচ্ছে বিশ্বব্যাংক
তৈরি পোশাক, পাদুকাশিল্প ও হালকা প্রকৌশল—এই তিন খাতে যাবে ২৬ কোটি ডলার। সাড়ে তিন কোটি ডলার তথ্যপ্রযুক্তি খাত ও ৫০ লাখ ডলার অন্যান্য খাত পাবে প্রাথমিকভাবে বেসরকারি উৎপাদন খাতে মোট বরাদ্দ করা হয়েছে
৩০ কোটি ডলার
এই তহবিল যাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাওয়ার মাধ্যম
বাংলাদেশ ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকগুলো শিল্পমালিকদের ঋণ দেবে। সর্বোচ্চ সুদ
৬ শতাংশ