শিল্প-কারখানায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তে চরম উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। রাজধানীর মতিঝিলের কার্যালয়ে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত সংগঠনের এক বোর্ড সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২১ মার্চ বিদ্যুৎ মন্ত্রণালয় এ বছরের বোরো ফসলের সেচ মৌসুম শেষ না হওয়া (মে মাস) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কল-কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি উপদেষ্টা ও ডেসকোর কাছে চিঠি দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।সভায় বিসিআইয়ের বোর্ড মত প্রকাশ করে, ১২ ঘণ্টা শিল্প-কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে উৎপাদনে বিপর্যয় নেমে আসবে এবং শিল্প-কারখানা ক্ষতির মুখে পড়বে। ফলে দেশের রপ্তানি বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যেও স্থবিরতা নামবে। পণ্যমূল্য আরও বাড়বে। শিল্প-কারখানাগুলো তাদের ব্যাংক ঋণ ও কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাবে। বোর্ডের আশঙ্কা, সরকারের এ সিদ্ধান্তের অপব্যবহার করে সরকারি বিভিন্ন বিভাগ শিল্প-কারখানাগুলোর ওপর খবরদারি করতে পারে। শিল্প-কারখান মালিকেরা যেন তাঁদের নিজস্ব জেনারেটর ব্যবহার করে উৎপাদন কাজ চালাতে পারেন সে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানায় বিসিআই।