শিল্পের উৎপাদনশীলতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, শিল্পের উৎপাদনশীলতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে এশিয়ার বিভিন্ন দেশের সরকার ও গণমাধ্যম সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে। এ লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় উৎপাদনশীলতা সংগঠনের (এনপিও) সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শিল্পমন্ত্রী আরও বলেন, জনগণের জীবন-মান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের জন্য মহাজোট সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এসএমই খাতের নীতিগত প্রতিবন্ধকতা ও বিপণন সমস্যার সমাধানে সহায়কের ভূমিকা পালন করছে। তিনি এসএমই খাতে উৎপাদনশীলতা বাড়াতে এশিয়া অঞ্চলের দেশগুলোর যৌথ প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান। রাজধানীর রূপসী বাংলা হোটেলে গত সোমবার ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সামগ্রিক উৎপাদনশীলতা রক্ষণাবেক্ষণ পদ্ধতির প্রয়োগ’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাপানের এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এবং বাংলাদেশের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) যৌথভাবে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাপানভিত্তিক এপিওর প্রোগ্রাম অফিসার ক্রিশ্চাই আনাকামানি, এনপিওর পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক আবদুল বাকী চৌধুরী বক্তব্য দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিলীপ বড়ুয়া বলেন, অভ্যন্তরীণ শিল্পক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণের জন্য স্বল্পোন্নত দেশগুলোকে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক, মালিক ও ভোক্তাসাধারণের স্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিল্প খাতে উৎপাদনশীলতার উন্নয়নের জন্য সৌহার্দ্যপূর্ণ শ্রমিক-মালিক সম্পর্ক স্থাপনে সরকার সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।উলেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উৎপাদনশীলতার উন্নয়নের জন্য আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে কম্বোডিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, লাওস, ইরান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, পাকিস্তান, চীন, ফিলিপাইন, জাপান, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও স্বাগতিক বাংলাদেশের ২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। ২০ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।