শিল্পের খরায় দোকানপাট, ব্যবসায় মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায় উৎপাদন খাত বা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা কমেছে মানুষের। আর সংশ্লিষ্টতা বেড়েছে সার্ভিস বা সেবা খাতের সঙ্গে। অর্থাৎ শিল্পনগরীর মানুষ এখন সেবা খাতের সঙ্গে বেশি যুক্ত। খুলনা জেলার সর্বশেষ অর্থনৈতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খুলনা জেলা কার্যালয় গতকাল মঙ্গলবার জেলার সর্বশেষ ‘অর্থনৈতিক শুমারি’ প্রকাশ করেছে। তাতে জেলার এ চিত্র উঠে এসেছে। ১০ বছর পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সর্বশেষ এ শুমারিতে ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
শুমারির তথ্য অনুযায়ী, খুলনা জেলার বেশির ভাগ মানুষের সংশ্লিষ্টতা এখন পাইকারি ও খুচরা দোকানপাট এবং মোটর মেরামতের কাজের সঙ্গে। এ খাতেই কর্মসংস্থান বেশি এ জেলার মানুষের। অথচ একসময় পাটশিল্পে বিপুল মানুষের কর্মসংস্থান ছিল এ জেলার মানুষের।
শুমারির হিসাব অনুযায়ী, শিল্প বা উৎপাদনমুখী প্রতিষ্ঠান রয়েছে ১৪ হাজার ১১৪টি। আর সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে ১ লাখ ২১ হাজার ৪২১ জন মানুষ। অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত জেলার মোট জনসংখ্যার মধ্যে মাত্র ২৭ দশমিক ৫৬ শতাংশ মানুষ সরাসরি উৎপাদনমুখী শিল্প খাতের সঙ্গে যুক্ত। অন্যদিকে ২০১৩ সাল পর্যন্ত পাইকারি-খুচরা দোকানপাট ও মোটরগাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৭৪ হাজার ১১৫টি। আর এর সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৫০০, যা জেলার মোট কর্মজীবী মানুষের ২৯ দশমিক ৩৯ শতাংশ।
শুমারির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বক্তারাও শিল্পনগরীতে শিল্প-সংশ্লিষ্ট মানুষ কমে যাওয়ার বিষয়টিকে আলোচনায় তুলে ধরেন। তাঁরা বলেন, খুলনার অনেক শিল্পকারখানা বন্ধ থাকায় মানুষ সেবাধর্মী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে। তবে শিল্পপ্রতিষ্ঠানে মানুষের সংখ্যা কমে যাওয়ার এ প্রবণতা বর্তমানে আরও অনেক বেশি।
জানতে চাইলে খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী আমিনুল হক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খুলনায় এক সময় পাটের পাশাপাশি বেশকিছু লবণের কারখানাও ছিল। কিন্তু তার ৭৫ শতাংশেরই এখন কোনো কার্যক্রম নেই।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, গত এক-দেড় দশকে খুলনায় নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বন্ধ হয়ে গেছে অনেক শিল্পপ্রতিষ্ঠান। তাই একসময়ের শিল্পনগরী এখন অনেকটা শিল্পশূন্য। তাই পেটের তাগিদে পেশা বদলে বাধ্য হচ্ছেন এ জেলার মানুষেরা। তাঁরা ছোট পরিসরে হলেও একটি ব্যবসা বা সেবা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন। তাই শিল্পনগরী হওয়ার পরও খুলনায় সেবা বা ব্যবসা খাতে মানুষের সংশ্লিষ্টতা বাড়ছে।
জেলার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি-২০১৩-এর জেলা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।