শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক তুলে দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী শিল্পসহ দেশের সব শিল্পের মূলধনি যন্ত্রপাতি এবং সাধারণ যন্ত্রপাতি আমদানিতে আগামী বাজেটে কোনো শুল্ক আরোপ না করার প্রস্তাব করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।

সংস্থাটি মনে করে, শিল্পে ব্যবহার হওয়া যন্ত্রপাতির জন্য এ সুবিধা দেওয়া হলে উদ্যোক্তারা শিল্প স্থাপনে আরও উৎসাহিত হবেন। এর মধ্য দিয়ে দেশে শিল্পায়নের গতি আরও বাড়বে।

শুধু তা-ই নয়, ভবিষ্যতে শিল্পের কাঁচামাল কিংবা মূলধনি যন্ত্রপাতির শুল্ক-করহার বাড়ানো-কমানোর প্রয়োজন হলে তার আগে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গণশুনানি করার প্রস্তাবও করেছে সংস্থাটি।

অন্যদিকে যেসব পণ্য আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) আরোপিত নেই, সেসব পণ্যের উৎপাদন পর্যায়ে মূসক তুলে দেওয়ারও প্রস্তাব করেছে এসএমই ফাউন্ডেশন।

আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সামনে রেখে এসএমই খাতের স্বার্থসংশ্লিষ্ট এমন ৪১টি প্রস্তাব তৈরি করেছে এসএমই ফাউন্ডেশন। প্রস্তাবটি এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো হয়েছে।

জানতে চাইলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম প্রথম আলোকে বলেন, বর্তমানে দেশীয় শিল্পের ৯৫ শতাংশই এসএমই শিল্প​প্রতিষ্ঠান। এ শিল্প খাতগুলোকে বিশ্লেষণ করেই বাজেট প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

ইহসানুল করিম বলেন, দেশীয় উৎপাদনকে উৎসাহী করলে, কিছুটা প্রণোদনা দেওয়া হলে দেশের শিল্পায়নে গতি আসবে৷ এর মধ্য দিয়ে দেশীয় পণ্যের রপ্তানিও বাড়বে। সেদিক বিবেচনায় নিয়েই প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

ফাউন্ডেশনের ৪১ বাজেট প্রস্তাব: মূল্য সংযোজন করসংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব করেছে এসএমই ফাউন্ডেশন। বর্তমানে ৪০ লাখ টাকার মূলধনি যন্ত্রপাতি আছে—এমন প্রতিষ্ঠানগুলো ৬০ লাখ টাকা বার্ষিক লেনদেন (টার্নওভার) পর্যন্ত মূসক সুবিধা পাচ্ছে।

এসএমই ফাউন্ডেশন বলছে, বার্ষিক ৬০ লাখ টাকা লেনদেন কুটিরশিল্পের জন্য যথেষ্ট নয়। বছরে ৩০০ কার্যদিবস ধরে দৈনিক যে টাকার পণ্য উৎপাদন হয় অথবা যে পরিমাণ মূল্য সংযোজন হয়, তা দিয়ে বাজারে টিকে থাকাই কঠিন। তাই বার্ষিক লেনদেন বাদ দিয়ে বিনিয়োগের সীমাকে ভিত্তি ধরে মূসক অব্যাহতির বিধান চালু করা প্রয়োজন। ৬০ লাখ টাকার মূলধনি যন্ত্রপাতি আছে এবং এক কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন (টার্নওভার) হয় এমন প্রতিষ্ঠানকে কুটিরশিল্পের আওতায় মূসক সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে ফাউন্ডেশন।

এসএমই প্রতিষ্ঠানে উৎপাদন পর্যায়ে ২০ শতাংশ মূল্য সংযোজন গণ্য করে তার ওপর ১৫ শতাংশ অর্থাৎ মোট বিক্রয়মূল্যের ওপর ৩ শতাংশ মূসক আদায় করার প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

লোডশেডিং বাড়লে জেনারেটরের ব্যবহারও বেড়ে যায়। বর্তমানে জেনারেটর এবং এর সরঞ্জাম আমদানিতে ২ শতাংশ আমদানি শুল্ক ও ১৫ শতাংশ মূসক আরোপ রয়েছে। এ মূসক প্রত্যাহারের প্রস্তাব করে সংস্থাটি বলছে, শুল্ককর প্রত্যাহার করা হলে ইউনিট প্রতি দাম কমে যাবে যা, ব্যবসায়ীদের উপকারে আসবে।

দেশে উৎপাদিত প্লাস্টিক খেলনাপণ্যের মূসক সাময়িকভাবে তুলে দেওয়া এবং ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ১৫ শতাংশ মূসক প্রত্যাহারের প্রস্তাবও করেছে সংস্থাটি।

আমদানি শুল্কসংক্রান্ত বেশ কিছু প্রস্তাব রয়েছে এসএমই ফাউন্ডেশনের। এর মধ্যে আছে, দেশে উৎপাদিত হয় না উৎপাদনের এমন অপরিহার্য ও প্রধান উপকরণ আমদানিতে ২ শতাংশ (বর্তমানে ২ শতাংশ); দেশে প্রতিযোগিতামূলক উৎপাদন নেই এমন মৌলিক কাঁচামালে ২ শতাংশ (বর্তমানে ৫ শতাংশ) শুল্ক আরোপ করা।

এ ছাড়া দেশে উৎপাদিত নিত্যব্যবহার্য পণ্য ও দেশে উৎপাদিত হয় না—এমন নিত্যব্যবহার্য পণ্য এবং সাধারণ ভোগ্যপণ্য, যা দেশেও তৈরি হয় এসব ক্ষেত্রে বিদ্যমান শুল্ককাঠামো যুক্তিসংগত বলে তা বহাল রাখার পক্ষে এসএমই ফাউন্ডেশন। তবে তা স্তরবিন্যাসে কোনো পরিবর্তন ছাড়া শুল্কহার শিল্প-সহায়কভাবে সংশোধনও করা যেতে পারে।

বাজেট প্রস্তাবে এসএমই ফাউন্ডেশন বলেছে, বিশ্বব্যাপী এখনকার প্রবণতা হচ্ছে, দেশ যত উন্নত, প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ তত বেশি। আর পরোক্ষ কর তত কম। কিন্তু এ দেশে তিন দশক ক্রমাগত চেষ্টার পর এখনো আমদানি পর্যায়ে আদায় হওয়া শুল্ক-করকে প্রথম স্থান থেকে সরানো যায়নি। বরং আয়করের একটা বড় অংশ এখন শুল্কনির্ভর। মূসকের ব্যবসায়ী পর্যায়ে আদায়যোগ্য অংশ এখন অগ্রিম মূসক নাম দিয়ে শুল্কের সঙ্গে আদায় করা হচ্ছে। এ বিবিধ করের জাল আমদানি পর্যায় এতটাই অস্বচ্ছ যে কোনো একটি বিশেষ পণ্যের ওপর মোট কর প্রযোজ্যতা কত, তা বলতে একজন অভিজ্ঞ কর কর্মকর্তাকেও ক্যালকুলেটর ব্যবহার করতে হয়।