শিল্পের স্থাপনা ও রপ্তানিসেবায় মূসক প্রত্যাহার চায় বিজিএমইএ
দেশের তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএ পোশাকশিল্পের স্থান ও স্থাপনা এবং রপ্তানিকাজে ব্যবহূত বিভিন্ন সেবার ওপর ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।সমিতি উৎসে কর কর্তনের হার দশমিক ৪০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ নির্ধারণ ও সব ধরনের নগদ সহায়তার ওপর কোনো কর আরোপ না করার দাবি তুলেছে। সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব দাবি তুলেছেন।প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এস এম মান্নান, পরিচালক শহিদুল্লাহ আজিম, শেখ আতিয়ার রহমান, এ রাজ্জাক সাত্তার, ফয়জুন নবী চৌধুরী প্রমুখ।সফিউল ইসলাম মহিউদ্দিন পোশাকশিল্পের বর্তমান বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের পোশাকবাজারে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে পোশাকশিল্পে রপ্তানি প্রবৃদ্ধি ৪২ শতাংশ। কিন্তু বাস্তবতা হচ্ছে সম্প্রতি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি গড়ে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে কাঁচামাল, বিশেষ করে তুলার দাম প্রায় তিনগুণ বেড়েছে। অন্যদিকে ব্যাংকঋণের সুদের হার বেড়ে যাওয়ায় এ শিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদন পরিচালনা ব্যয় বহু গুণে বেড়ে গেছে। বিজিএমইএর সভাপতি বলেন, এফওবি মূল্য বেড়ে যাওয়ায় ব্যাংক, বিমা ও বন্দরের আয় এবং সরকারের উৎসে কর বেড়েছে। এতে জাতীয় অর্থনীতি উপকৃত হচ্ছে। কিন্তু পোশাকশিল্প খাতের উদ্যোক্তাদের প্রান্তিক মুনাফা ৩৫ থেকে ৫০ ভাগ কমে গেছে। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বিজিএমইএর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিজিএমইএর দাবির মধ্যে আরও রয়েছে: যেসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশের (এসআরও) অন্তর্ভুক্ত নয়, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সুপারিশের ভিত্তিতে অঙ্গীকারনামা ও ১ শতাংশ হারে শুল্ক দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা রাখতে হবে। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি পণ্যের প্রয়োজনীয় সুতা কয়েক দফায় আনার সুযোগ তৈরি করতে হবে ইত্যাদি।