শিল্পোদ্যোক্তা বাড়াতে দরকার ব্যবসাবান্ধব কাঠামো

শিল্পোদ্যোক্তা বাড়াতে হলে দেশে ব্যবসাবান্ধব কার্যকর কাঠামো প্রয়োজন। এ ক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে দ্রুত ও স্বল্প ব্যয়ে বাণিজ্যিক ও বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা।
‘বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন’ শীর্ষক এক কর্মশালায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান এসব কথা বলেন।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বিয়াক ও ডিসিসিআই।
কর্মশালাটি পরিচালনাকালে মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য ব্যবসায়ীদের অনেক দূর এগিয়ে যেতে হবে। এই যাত্রাপথের সহায়ক হিসেবে বিয়াক গড়ে তুলেছে মেডিয়েশন ও আরবিট্রেশনের প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও বিধিমালা।
প্রসঙ্গত, বিয়াক বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান, যা আরবিট্রেশন ও মেডিয়েশনের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি এসব বিষয়ে উন্নত প্রশিক্ষণও দিয়ে থাকে।
কর্মশালায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, আইসিসিবির সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ডিসিসিআইয়ের বর্তমান সভাপতি হোসেন খালেদ, সাবেক সভাপতি শাহজাহান খান প্রমুখ অংশ নেন।