হরতাল-অবরোধ ও রাজনৈতিক সহিংসতায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পোৎপাদনের গতিময়তা বাধাগ্রস্ত হয়েছে। এর প্রতিফলন ঘটেছে মাঝারি ও বৃহৎ শিল্প, খনিজ শিল্প এবং বিদ্যুৎ খাতের পরিমাণ সূচকে (যা কোয়ান্টাম সূচক নামে পরিচিত)।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রস্তুতকারী শিল্পের (ম্যানুফ্যাকচারিং) সূচক দাঁড়িয়েছে ২০৮ দশমিক ৮৯ পয়েন্ট, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮৬ দশমিক ৮৪ পয়েন্ট। এটি অবশ্য তিন মাসের গড় হিসাবে নির্ণীত।
মাসওয়ারি বিবেচনায় অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে উৎপাদন শিল্পের সূচক ২৩২ পয়েন্ট হলেও আগস্ট মাসে তা ব্যাপকভাবে কমে নেমে আসে ১৮৫ দশমিক ৬৮ পয়েন্টে।
তবে সেপ্টেম্বর মাসে তা আবার বেড়ে হয় ২০৮ দশমিক ৬৭ পয়েন্টে। ফলে এই প্রান্তিকে প্রস্তুতকারী শিল্পের গতিময়তা থাকলেও তা বেশ বাধাগ্রস্ত হয়েছে।
বিবিএসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে (সেপ্টেম্বর) বস্ত্র, আসবাব, ইলেকট্রিক, কাগজ ও ওষুধশিল্প খাতের উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়েছে।
প্রস্তুতকারী শিল্পের গতি-প্রকৃতি হিসাব করা হয় বাছাই করা কিছু রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালিয়ে।
যেসব শিল্পের উৎপাদন বিবেচনায় নেওয়া হয়, তার মধ্যে আছে: পাট, বস্ত্র, তৈরি পোশাক, কাগজ, সার, লৌহ ও ইস্পাত, সিমেন্ট, ইলেকট্রিক ওষুধ, চা, লবণ ও ভোজ্যতেল।
বর্তমানে এই সূচকে বড় ও মাঝারি শিল্পের ২১টি শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে ছিল আটটি শ্রেণী।
প্রস্তুতকারী শিল্পের উপখাত পুনর্বিন্যাস করার পাশাপাশি শিল্পোৎপাদনে উপখাতগুলোর ভার বা গুরুত্বও হালানাগাদ করা হয়েছে।
যেমন: ১৯৮৮-৮৯ ভিত্তিবছরের সূচকে ‘পাট, তুলা, তৈরি পোশাক ও চামড়া’ শ্রেণীর ভার ছিল ৩৮ দশমিক ১৬। অর্থাৎ মোট উৎপাদন ১০০ হলে এর মধ্যে উক্ত শ্রেণীর অংশ ৩৮ দশমিক ১৬।
তবে ২০০৫-০৬ ভিত্তিবছরের সূচকে তৈরি পোশাককে আলাদা শ্রেণী হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ভার ৩৪ দশমিক ৮৪। একইভাবে চামড়া ও চামড়াজাত খাতকে আরেকটি শ্রেণী হিসেবে গণ্য করে এর ভার দেওয়া হয়েছে ৪ দশমিক ৪০।
বিবিএসের উপাত্ত থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে বিদ্যুৎ উৎপাদনও আগের প্রান্তিকের তুলনায় কিছুটা বেড়েছে।
আলোচ্য প্রান্তিকের প্রথম মাসের তুলনায় দ্বিতীয় মাসে উৎপাদন বেশ কমে গিয়েছিল। তবে তৃতীয় মাসে তা আবার বেড়েছে।
একই রকম প্রবণতা পরিলক্ষিত হয় খনিজ শিল্প খাতে।
যেহেতু গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ভিত্তিবছর ও সম্প্রসারিত নমুনা আয়তন নিয়ে শিল্পোৎপাদনের জরিপ ও হালনাগাদ সূচক প্রকাশ শুরু করা হয়, তাই শুধু গত ২০১২-১৩ অর্থবছরেরই নতুন ভিত্তিতে সূচক পাওয়া যায়। সে কারণে তার আগের বছরের সঙ্গে তুলনাটা করতে হয়েছে পুরোনো ভিত্তিবছরের (১৯৯৮-৯৯) ওপর নির্ণীত সূচকে।
তাতে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের তুলনায় ২০১২-১৩ অর্থবছরে মাঝারি ও বৃহৎ শিল্পোৎপাদন বেড়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ। ফলে তিন বছর পর শিল্পোৎপাদনের প্রবৃদ্ধির হার এক অঙ্কের ঘরে নেমে আসে।
২০১২-১৩ অর্থবছরে এই শিল্পোৎপাদনের গড় সূচক দাঁড়িয়েছে ৬২১ দশমিক ১২ পয়েন্ট। আর ২০১১-১২ অর্থবছরে তা ছিল ৫৭০ দশমিক ৪৪ পয়েন্ট।