শিল্প-কারখানার শ্রমিকদের জুনের বেতন ঈদের আগেই দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকসহ অন্য শিল্প-কারখানার শ্রমিকদের জুন মাসের বেতন ঈদের আগেই পরিশোধ করতে হবে।
এ ছাড়া উৎসব ভাতা ১৫ থেকে ২১ রমজানের মধ্যেই দিতে হবে।
ঢাকার সচিবালয়ে গত রোববার অনুষ্ঠিত পোশাকশিল্পসহ অন্য শিল্পকারখানা পরিস্থিতি পর্যালোচনায় গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট-বিষয়ক কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে কমিটির আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, পবিত্র রমজানে যেন কোনো শ্রমিক ছাঁটাই করা না হয়, সভায় সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গত কয়েক বছরের মতো এবারও পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে হবে কারখানার মালিকদের। এসব মানার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
সভায় মালিক, শ্রমিকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।