শিশু ও যুবকদের ওপর পৃথক শ্রম জরিপ করবে বিবিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও যুবক শ্রমিকদের ওপর দুটি পৃথক জরিপ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগামী বছরের জানুয়ারি থেকে এই দুটি জরিপের কাজ শুরু হবে। বিবিএস সূত্রে এসব তথ্য জানা গেছে।এর মাধ্যমে প্রায় এক দশক পর শিশু শ্রমিকদের ওপর জরিপ চালাবে বিবিএস। ২০০৩ সালে সর্বশেষ জরিপটি হয়েছিল। এবার ৩৬ হাজার খানায় গিয়ে এ জরিপ চালাবে বিবিএসের শিল্প ও শ্রম বিভাগ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় বছরজুড়েই এ জরিপ কার্যক্রম চলবে। এবার ১৫ বছর পর্যন্ত বয়সীদের শিশু হিসেবে বিবেচনা করা হবে। তবে ফলাফল বিশ্লেষণের সময় ১৮ বছর বয়সীদের হিসাবে আনা হবে। দুই ধরনের বয়সভিত্তিক ফলাফল তৈরি করা হবে। অন্যদিকে প্রথমবারের মতো যুব শ্রমশক্তির ওপরও জরিপ করবে বিবিএস। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ জরিপ পরিচালনা করবে বিবিএস। জরিপটির শিরোনাম হলো ‘স্কুল টু ওয়ার্কিং লেবার ফোর্স’। এর মাধ্যমে শিক্ষাজীবন শেষে তরুণেরা কীভাবে, কোন প্রক্রিয়ায় কর্মজীবনে প্রবেশ করে, তা-ই বিশ্লেষণ করা হবে। বিবিএস সূত্রে জানানো হয়েছে, সাধারণত দুই ধরনের বয়সীদের যুবশক্তি হিসেবে বিবেচনা করা হয়। উন্নত দেশে ২৪ বছর পর্যন্ত বয়সী যুবকদের যুবশক্তি হিসেবে বিবেচনা করা হয়। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ২৯ বছর বয়সী যুবকদের যুবশক্তি হিসেবে বিবেচনা করা হয়। পড়াশোনা শেষ করতে সেশনজটের কারণে তরুণদের অনেক সময় নষ্ট হয় বলেই আলাদা সূচক করা হয়েছে।