শিশুদের জন্য পৃথক বাজেট পেশ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে শিশুদের জন্য বরাদ্দগুলো খাতভিত্তিক সুস্পষ্টভাবে উল্লেখ করে পৃথক বাজেট পেশ করার দাবি জানানো হয়েছে। সরকার কয়েক বছর ধরে জেন্ডারভিত্তিক পৃথক বাজেট প্রকাশ করছে।গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি), সেভ দ্য চিলড্রেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক শামসুল আলম ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক চৌধুরী মো. তৈয়ব তাজাম্মুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক ওমর ফারুক।বক্তারা বলেন, শিশু অধিকার সনদ, বাংলাদেশের সংবিধান ও জাতীয় শিশুনীতি ২০১১-এর আলোকে দেশের সব শিশুর অধিকার, নিরাপত্তা সুরক্ষা, উন্নয়ন ও সুষম বিকাশের বিষয়গুলোকে সূচক হিসেবে নির্ধারণ করে জাতীয় বাজেট প্রণয়ন করা প্রয়োজন। এতে করে শিশুদের জন্য বরাদ্দ আলাদাভাবে শনাক্ত করা যায়। তাঁরা আসন্ন বাজেটে নীতিগতভাবে এ সংক্রান্ত ঘোষণা দেওয়ার আহ্বান জানান।