শিশুদের পরিধেয় ও খেলনার দাম বাড়বে
আগামী অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে নতুন করে সম্পূরক কর আরোপ করা হয়েছে। শিশুদের পরিধেয়, খেলনা, টয়লেট টিস্যু, কোমল পানীয়, তৈরি পোশাকসহ নিত্য ব্যবহার্য ও প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়বে। শিশুদের পরিধেয়: বিভিন্ন ধরনের ন্যাপকিন, স্যানিটারি টাওয়াল (প্যাড), ন্যাপকিন লাইনারসহ সমজাতীয় যেকোনো ধরনের শিশুদের পরিধেয় অনুষঙ্গের দাম বাড়বে। এসব নিত্য ব্যবহার্য পণ্য আমদানিকালে এখন থেকে ৬০ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হবে। এত দিন এতে কোনো সম্পূরক শুল্ক দিতে হতো না। সাধারণত থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব শিশু পরিধেয় আমদানি করা হয়। দেশে ব্যবহার্য সিংহভাগ এ ধরনের শিশু পরিধেয় আমদানি করা হয়। খেলনা: তিন চাকার সাইকেল, স্কুটার, প্যাডেল কার, পুতুলসহ সমজাতীয় শিশুদের খেলনার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে এসব এসব খেলনা আমদানির ওপর ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আগে এ হার ছিল ২০ শতাংশ।