শিশুপার্কে বেসরকারি প্রতিষ্ঠানের রাইড

নারায়ণগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে প্রথমবার শহীদ জিয়া শিশুপার্কে এসেছেন ইপিজেডের কর্মী মোবারক হোসেন। ১০ টাকার টিকিটের বিনিময়ে ‘ছোটমণিদের রেলগাড়ি’ (টয় ট্রেন) আর ‘আনন্দ চক্রে’ (নাগরদোলা) চড়ার পর তাঁরা আর একটি রাইডের টিকিটের লাইনে দাঁড়ালেন। তবে দাম শুনে আঁতকে উঠে বললেন, ‘টিকিটের দাম এত বেশি ক্যান?’ টিকিট বিক্রেতার উত্তর, ‘এইটা বেসরকারি কোম্পানির রেট।’
শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কে সরকারি রাইডগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের তিনটি রাইড (খেলনা) আছে। পার্কের নিজস্ব রাইডগুলোর তুলনায় বেসরকারি রাইডগুলোর টিকিটের দাম দ্বিগুণের বেশি। অনেক দর্শনার্থীই এতে অসন্তুষ্টি জানিয়েছেন।
গতকাল পার্কে গিয়ে দেখা যায়, শিশুপার্কে উড়ন্ত বিমান, আনন্দঘূর্ণি, ঝুলন্ত চেয়ারসহ পার্কের ১০টি চালু রাইডের প্রতিটির টিকিটের মূল্য ১০ টাকা। তবে নতুন স্থাপিত বেসরকারি রাইডের মধ্যে শারিকা ফ্যান্টাসি পার্ক নামের প্রতিষ্ঠানের মালিকানায় ম্যাজিক বোট ও টুইস্ট গেমসের টিকিটের দাম ২৫ টাকা করে। আর ডি-বক্স ডিজিটাল টেকনোলজির নাইন-ডি মুভি অ্যান্ড রাইডার খেলনাটির জন্য দর্শনার্থীদের প্রত্যেককে ৬০ টাকা করে গুনতে হচ্ছে। সরকারি সব রাইডের টিকিটের দাম কম হলেও এ তিনটির দাম কেন এত বেশি, তার জবাব কেউ দিতে পারেননি।
সিদ্দিকবাজারের অধিবাসী জাহাঙ্গীর আলম গতকাল পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন। নাইন-ডি বক্স খেলনাটির টিকিটের দাম শুনে পিছিয়ে যান। আরমানীটোলা থেকে আসা হ্যাপি রহমানও বেসরকারি রাইডগুলো সম্পর্কে বললেন, টিকিটের এমন দাম রাখা উচিত, যাতে সবাই চড়তে পারে। এখানে তো সব ক্লাসের মানুষই আসে। এইটা বুঝতে হবে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিডি-বক্স ডিজিটাল টেকনোলজির এক কর্মী নজরুল ইসলাম বলেন, দুই বছর আগে তাঁরা শিশুপার্কে নাইন-ডি মুভি অ্যান্ড রাইডার স্থাপন করেন। এ জন্য দৈনিক ৩ হাজার ৩০০ টাকা ভাড়া ধরে মাসিক ভিত্তিতে পে-অর্ডারের মাধ্যমে কর্তৃপক্ষকে পরিশোধ করেন। এ ভাড়ার বিনিময়ে তাঁরা রাইডটি চালান।
বেসরকারি খেলনাগুলোর টিকিটের উচ্চমূল্য সম্পর্কে জানতে চাইলে শহীদ জিয়া শিশুপার্কের ব্যবস্থাপক মো. নুরুজ্জামান বলেন, ‘আমাদের রাইডগুলো তো সেবামূলক। আর ওদের তো ব্যবসা। তাই দাম বেশি।’ কীভাবে রাইডের দাম নির্ধারণ করা হয়েছে, সে ব্যাপারেও তিনি কিছু জানেন না।
নুরুজ্জামান জানান, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অনুরোধে একটি অস্থায়ী চুক্তির ভিত্তিতে তাঁদের নতুন তিনটি খেলনা চলছে। তিনি বলেন, ‘ওরা ভাড়া দিচ্ছে, যা রাজস্ব হিসেবে জমা হচ্ছে। আর দর্শনার্থীরাও নতুন কিছু পাচ্ছেন।’
সরকারি প্রতিষ্ঠানের স্থানে বেসরকারি প্রতিষ্ঠান কীভাবে রাইড বসাল, এ ক্ষেত্রে কোনো দরপত্র হয়েছে কি না, তা তিনি জানেন না। জানতে চাইলে তিনি চুক্তিসম্পর্কিত কাগজের কপি আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আসা ভাড়ার হিসাব দিতেও রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে, শিশুপার্কে বেসরকারি প্রতিষ্ঠানের রাইড স্থাপনের কোনো দরপত্র হয়নি। কারা কীভাবে সেখানে রাইড বসিয়েছেন, তাঁরা তা জানেন না।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। পরে খোঁজ নিয়ে জানাতে পারব।’