শীত কমছে, দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরের হাওয়ার দাপট কমে যাচ্ছে, বাড়ছে তাপমাত্রা। বার্তা দিচ্ছে—শীত চলে যাচ্ছে। নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়েছে। শীতের শাকসবজির দামও বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব মৌসুমি শাকসবজির দাম কেজিতে চার-পাঁচ টাকা বেড়েছে।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার, উত্তরাসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। পুরো শীত মৌসুমেই স্বস্তি ছিল শাকসবজির দামে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ শাকসবজির দাম কিছুটা বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি শিমের দাম এখন ৩৫-৪০ টাকা। গত সপ্তাহে শিমের দাম ৩০-৩৫ টাকার মধ্যেই ছিল। এক কেজি টমেটোর দাম ৩০ থেকে ৩৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপির দাম ৫ টাকা বেড়ে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া এক কেজি বেগুন ৩৫-৪০ টাকা, গাজর ২০-২৫ টাকা, মুলা ২০-২২ টাকা, মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের দাম বাড়েনি। এক আঁটি লালশাক ও পালং শাক ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি ৪০ টাকাই রয়েছে।
অন্যদিকে, ডালের দাম বাড়ছেই। কয়েক মাস ধরে নেপাল থেকে ডাল আমদানি না হওয়ায় এক কেজি দেশি ডাল ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দুই মাসের ব্যবধানে কেজিতে ডালের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
স্বস্তি নেই চিনিতেও। গত ডিসেম্বর মাসে চিনি আমদানিতে ১৫ শতাংশ এবং ট্যারিফ মূল্য প্রতি টনে ৩০ ডলার বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাব পড়েছে এখন স্থানীয় চিনির বাজারে। এক মাসের ব্যবধানে প্যাকেট ও খোলা চিনির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। প্যাকেটজাত চিনি ৫৫ টাকা ও খোলা চিনি ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম কেজিতে কমবেশি দুই টাকা বেড়েছে। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ২৮ টাকায় কিনতে হচ্ছে। তবে সরকারের ঘোষণা অনুযায়ী, ভোজ্যতেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা করে কম দামেই মিলছে। পাটের বস্তায় চাল বাজারজাতকরণের বাধ্যবাধকতা থাকায় আগেই চালের দাম কেজিতে এক-দুই টাকা বেড়েছে।