শীতকালীন কর মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আজ বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো শীতকালীন আয়কর মেলা শুরু হচ্ছে। রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তিন দিনের এ মেলা।
রাজধানীতে বেইলি রোডের অফিসার্স ক্লাব এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত কর অঞ্চল-৯ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বেইলি রোডের মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগীয় শহরে শীতকালীন আয়কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় করদাতারা এ বছরের বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন। এ ছাড়া নতুন ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) এবং পুরোনো ই-টিআইএনধারীরা পুনর্নিবন্ধন নিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেলাটি আয়োজন করছে। এর আগে শুধু সেপ্টেম্বর মাসে সপ্তাহব্যাপী আয়কর মেলা হতো।
৩০ নভেম্বর বার্ষিক আয়কর বিবরণী জমার সময় শেষ হচ্ছে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, শেষ মুহূর্তে করদাতারা যাতে সহজেই বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারেন, সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।