শীতকালীন কর মেলায় ৬৩ কোটি টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অফিসার্স ক্লাবে শীতকালীন আয়কর মেলার শেষ দিনে গতকাল শনিবারও করদাতাদের ব্যাপক সমাগম ঘটে l ছবি: প্রথম আলো
রাজধানীর অফিসার্স ক্লাবে শীতকালীন আয়কর মেলার শেষ দিনে গতকাল শনিবারও করদাতাদের ব্যাপক সমাগম ঘটে l ছবি: প্রথম আলো

দেশে প্রথমবারের মতো আয়োজিত শীতকালীন আয়কর মেলা থেকে মোট ৬৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এই মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাকি বিভাগগুলো হচ্ছে চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল। ঢাকায় অফিসার্স ক্লাব ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের কর অঞ্চল-৯ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়।
শীতকালীন কর মেলার শেষ দিনে গতকাল শনিবারও ছিল উপচে পড়া ভিড়। ঢাকার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, মেলায় কেউ বার্ষিক আয়কর বিবরণী জমা দিচ্ছেন, কেউ বিবরণী পূরণ করছেন। আবার কেউ নতুন ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিচ্ছেন। অপেক্ষমাণ রয়েছেন আরও অনেক মানুষ।
গতকাল বিকেলে মেলায় আলাপকালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানজুর আহমেদ চৌধুরী জানান, তিনি কয়েক বছর ধরে মেলায় এসে বার্ষিক আয়কর বিবরণী জমা দিচ্ছেন। কিন্তু সর্বশেষ সেপ্টেম্বর মাসের নিয়মিত কর মেলায় ব্যক্তিগত ব্যস্ততার কারণে বিবরণী জমা দিতে পারেননি। তাই শীতকালীন মেলার সুযোগটি হাতছাড়া করেননি। গতকাল ছুটির দিন থাকায় মেলায় এসে তিনি কর বিবরণী জমা দেন।
মানজুর আহমেদ প্রথম আলোকে আরও বলেন, মেলায় আয়কর বিবরণী জমা দিলে কোনো হয়রানি হয় না। ফরম পূরণ করে জমা দিলেই হয়। এ জন্য আগেই করের টাকার পে-অর্ডার করে রাখেন তিনি।
মেলা শেষে গতকাল সন্ধ্যায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, শিগগিরই উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে কর প্রদানে উদ্বুদ্ধকরণ প্রচারণা চালানো হবে। তিনি রাজস্ব-সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ব্যবসায়ীদের বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আসার আহ্বান জানান।
নজিবুর রহমান আরও বলেন, কর কর্মকর্তারা হয়রানি করলে এনবিআর ‘জিরো টলারেন্স’ দেখাবে (অর্থাৎ তা বরদাশত করা হবে না)। তিনি জানান, অলিগলি থেকে কর কার্যালয় সরিয়ে প্রধান সড়কে আনা হবে। এতে কর কার্যালয়ের উপস্থিতি জনগণ জানতে পারবে।
এবারের মেলায় উল্লেখযোগ্য সংখ্যক তরুণ করদাতা দেখা গেছে। তরুণ-তরুণীরা মেলায় এসে তাঁদের কর বিবরণী জমা দিয়েছেন। বেইলি রোডের মেলায় রিটার্ন জমা এবং তথ্য ও সেবাকেন্দ্রসহ মোট ৩১টি বুথ ছিল। সরেজমিনে দেখা গেছে, গতকাল সারা দিনই সেখানে করদাতাদের ব্যাপক সমাগম ছিল।
সকাল ১০টা থেকেই মেলায় করদাতারা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে করদাতাদের সংখ্যাও বাড়তে থাকে। আর এবারের মেলায় কর বিবরণী যাচাই-বাছাই করে প্রাপ্তি রসিদ দেওয়া হয়েছে। কোনো গাণিতিক ভুল থাকলে তা কর কর্মকর্তারা সংশোধন করে দিয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, এবারের মেলায় সারা দেশ থেকে মোট ৬২ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩০৬ টাকা কর আদায় হয়েছে। আয়কর বিবরণী জমা দিয়েছেন ৫৩ হাজার ২৫৯ জন। আর নতুন টিআইএন নিয়েছেন ৩ হাজার ১৪৯ জন। পুরোনো টিআইএন বদলে নতুন ই-টিআইএন নিয়েছেন ২৪৪ জন।
বাংলাদেশে সাড়ে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন। প্রতিবছর গড়ে সাড়ে ১১ লাখ টিআইএনধারী তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেন।