শীতলক্ষ্যার তীরে নির্মিত হচ্ছে ওরিয়ন-ফিনিক্স ড্রিম সিটি
শীতলক্ষ্যা নদীর তীরে (কাঁচপুর সেতুসংলগ্ন) রাজউকের নির্ধারিত এলাকার মধ্যে ‘ওরিয়ন-ফিনিক্স ড্রিম সিটি’ নামের একটি বিলাসবহুল আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে।এই কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে গতকাল বুধবার দেশের দুটি শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠী ওরিয়ন গ্রুপ ও ফিনিক্স গ্রুপের মধ্যে একটি চুক্তি হয়েছে। ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ উভয় গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওরিয়ন-ফিনিক্স ড্রিম সিটিতে স্যাটেলাইট-নির্ভর নিরাপত্তাব্যবস্থা, মেগা মলসহ কেন্দ্রীয় বাণিজ্যিক কেন্দ্র, ফিটনেস সেন্টার, হেলথকেয়ার সেন্টার, সুইমিং পুল, এডুকেশনাল কম্পাউন্ড প্রভৃতি অত্যাধুনিক সব নাগরিক সুযোগ-সুবিধা থাকবে।এ ছাড়া ওরিয়ন-ফিনিক্স ড্রিম সিটিতে প্রশস্ত রাস্তা, কেন্দ্রীয় মসজিদ, খেলার মাঠ, পার্ক ও মিনি চিড়িয়াখানাসহ ভূমিকম্প প্রতিরোধক সুউচ্চ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে।উল্লেখ্য, ওরিয়ন গ্রুপ দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ করছে। এটি হচ্ছে দেশের সর্ববৃহৎ ফ্লাইওভার। এ ছাড়া ওরিয়ন গ্রুপ ফার্মাসিউটিক্যালস, ইনফিউশন, বায়োকেয়ার, ন্যাচারাল কেয়ার, কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ, পোশাকশিল্প, কৃষিপণ্য, অবকাঠামো নির্মাণ, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিদ্যুৎ খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। বিজ্ঞপ্তি।