শীতেও ভালো চলছে আইসক্রিম ব্যবসা

শীতের সময়ে আইসক্রিমের বেচাকেনা অনেকটাই কমে আসে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নেওয়া প্রতিটি আইসক্রিম স্টলেই ক্রেতাদের বেশ ভিড় চোখে পড়ে। বিক্রিও ভালো বলে জানালেন বিক্রেতারা।
এবারের বাণিজ্য মেলায় আইসক্রিম উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে অংশ নিয়েছে। এগুলো হলো ঈগলু, পোলার, বেলিসিমো, ব্লুপ। যদিও ঈগলু ও বেলিসিমোর একাধিক প্যাভিলিয়ন আছে মেলায়। এ ছাড়া বিচ্ছিন্নভাবে মেলা প্রাঙ্গণে রেফ্রিজারেটর বসিয়ে বিক্রি হচ্ছে আইসক্রিম।
এবারই প্রথম বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ব্লুপ আইসক্রিম। ২০১৪ সালের নভেম্বরে দেশের বাজারে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১৬ টাকা থেকে শুরু করে ৭০ টাকায় ললি, কোন, স্কুজি, ইংলিশ টফি ডিলাইটসহ ৪০ রকমের আইসক্রিম বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
মেলা উপলক্ষে ব্লুপের ১০০ টাকার আইসক্রিম কিনলে ১৬ টাকার ললি আইসক্রিম বিনা মূল্যে পাচ্ছেন ক্রেতারা। আকর্ষণীয় করে সাজানো প্যাভিলিয়নটিতে আরও আছে ক্রেতাদের জন্য ছবি তুলে সরাসরি ফেসবুকে আপলোড করার সুযোগ। ব্লুপের প্যাভিলিয়নে আধা ও এক লিটার আইসক্রিমের দাম যথাক্রমে ১৭৫ ও ৩৫০ টাকা। প্রতিদিন গড়ে ৮০ হাজার টাকার আইসক্রিম বিক্রি হওয়ার কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বেলিসিমো আইসক্রিমের মিনি প্যাভিলিয়নে গিয়ে দেখা গেল, আইসক্রিমের পাশাপাশি ক্রেতাদের জন্য খেলার আয়োজন রাখা
হয়েছে। তবে খেলায় অংশ নিতে হলে কিনতে হয় কমপক্ষে ৫০ টাকার বেলিসিমো আইসক্রিম। তখন তাঁদের একটি কুপন দেওয়া হয়। কুপনের বিপরীতে তিনটি রিং বা বল দেওয়া হয়; যা একটি নির্দিষ্ট স্থানে ফেলতে পারলে পুরস্কার হিসেবে মিলে ১২০ টাকার এক স্কুপ আইসক্রিম। বেলিসিমোর জ্যেষ্ঠ কর্মকর্তা আসাদুজ্জামান খান বলেন, ‘ক্রেতাকে একটু ভিন্ন স্বাদ দিতে আমাদের এই আয়োজন।’

প্রতিষ্ঠানটি ৩০ থেকে ৭০ টাকা মূল্যে বিস্কুটো, কোন, স্পেশাল কাপ, স্টিকসহ হরেক রকমের আইসক্রিম বিক্রি করছে। স্কুপ আইসক্রিম মিলছে ১২০ টাকায়। একজন ক্রেতা ৩০০ টাকার আইসক্রিম কিনলে বিনা মূল্যে পাবেন বেলিসিমোর তৈরি একটি সুন্দর পাটের ব্যাগ।
বরফ আচ্ছাদিত দোতলা প্যাভিলিয়নে নানা আইসক্রিমের পসরা সাজিয়েছে পোলার। আইসক্রিম কিনলে দ্বিতীয় তলায় নিরিবিলি বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। মেলায় ১৩ রকমের আইসক্রিম বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে মালাই, পেঙ্গুইন, স্কুপ, ক্ষীর আইসক্রিম বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন পোলার প্যাভিলিয়নের ব্যবস্থাপক হাবিবুর রহমান। প্রতিদিন গড়ে এক লাখ টাকার আইসক্রিম বিক্রির কথা জানালেন তিনি।
আইসক্রিমের জন্য মেলায় দুটি প্যাভিলিয়ন রেখেছে ঈগলু। প্রতিষ্ঠানটির প্রিমিয়াম প্যাভিলিয়নের নাম দেওয়া হয়েছে ‘মি আমোর’। সেখানে কথা বলে জানা গেল, ঈগলুর তুলনামূলকভাবে বেশি দামের আইসক্রিম বিক্রি হচ্ছে এখানে। আর্টিসান ও অ্যাসোর্টেড নামের বিশেষ দুটি স্টিক আইসক্রিমের দাম রাখা হচ্ছে ২০০ টাকা। ‘পার্লার’ নামে বিভিন্ন স্কুপ আইসক্রিমের দাম ১৫০ টাকা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উপাদানে তৈরি আইসক্রিম কেকের দাম তিন হাজার টাকা।