শীর্ষ করদাতাদের সম্মাননা দিল এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষ করদাতাদের সম্মাননা ও সনদ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: ফোকাস বাংলা
জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষ করদাতাদের সম্মাননা ও সনদ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: ফোকাস বাংলা

দেশের শীর্ষ করদাতাদের সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত দুই অর্থবছরে (২০১২-১৩ ও ২০১৩-১৪) শীর্ষ করদাতা হিসেবে ২০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।

আজ সোমবার জাতীয় আয়কর দিবসে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এনবিআর এই সম্মাননা ও সনদ বিতরণ করে। একই অনুষ্ঠানে ঢাকা বিভাগের অন্যতম আরও ৪৩ জন করদাতাকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন সাংসদ গোলাম দস্তগীর গাজী। তিনি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) করদাতা। তিনি মনে করেন, ঢালাওভাবে সর্বোচ্চ করদাতাদের পুরস্কার না দিয়ে শিল্প উদ্যোক্তাদের আলাদাভাবে এ সম্মাননা দেওয়া উচিত। এ ছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি—এই দুই ক্যাটাগরিতে সম্মাননা দিলে উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘গণমাধ্যমে বলা হয়, সাংসদেরা কর দেন না। এবার আমি এ সম্মাননা পেয়েছি। এখন সাংবাদিকদের বলা উচিত সাংসদেরাও কর দেন।’ তিনি বলেন, উপজেলা পর্যায়ে কর কর্মকর্তারা যেতে চান না। তাই বিদ্যমান করদাতাদের ওপর করের চাপ বাড়ছে।

২০১২-১৩ করবর্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা হয়েছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তিনি প্রথম আলোর কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। এনবিআরের এ উদ্যোগ করদাতাদের করদানে আরও উৎসাহিত করবে।’