শীর্ষ করদাতাদের সম্মাননা দিল রাজস্ব বোর্ড

কর প্রদানব্যবস্থা আরও সহজ করলে রাজস্ব আদায় বাড়বে। করদাতাদের হয়রানিও বন্ধের পাশাপাশি করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ে কর আদায়ের কার্যক্রম বিস্তৃত করতে হবে।
জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত করদাতাদের সম্মাননা ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকালের অনুষ্ঠানে ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষে প্রতিবছরের জন্য জাতীয় পর্যায়ে ১০ জন করদাতা ও ১০টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন ঢাকা বিভাগের ৪৩ জন করদাতা।
অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, এনবিআর সদস্য বশিরউদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন সাংসদ গোলাম দস্তগীর গাজী। তিনি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) করদাতা। তিনি মনে করেন, ঢালাওভাবে সর্বোচ্চ করদাতাদের পুরস্কার না দিয়ে শিল্প উদ্যোক্তাদের আলাদাভাবে এ সম্মাননা দেওয়া উচিত। এ ছাড়া বেসরকারি ও বেসরকারি—এ দুই ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে সম্মাননা দিলে উদ্যোক্তারা উৎসাহিত হবেন। গাজী বলেন, গণমাধ্যমে বলা হয়, ‘সাংসদেরা কর দেন না। এবার আমি এ সম্মাননা পেয়েছি। এখন সাংবাদিকদের বলা উচিত, সাংসদেরাও কর দেন।’ তিনি বলেন, উপজেলা পর্যায়ে কর কর্মকর্তারা যেতে চান না। তাই বিদ্যমান করদাতাদের ওপর করের চাপ বাড়ছে।
২০১২-১৩ করবর্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা হয়েছে থার্মেক্সগ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তিনি প্রথম আলোর কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। এনবিআরের এ উদ্যোগ করদাতাদের করদানে আরও উৎসাহিত করবে।’
যাঁরা করকার্ড পেলেন: ২০১৩-১৪ করবর্ষে দেশের শীর্ষ করদাতা হয়েছেন চট্টগ্রামে কর অঞ্চল-১-এর তাসমিয়া আম্বরিন। অন্য করদাতারা হলেন ঢাকার কর অঞ্চল-২-এর মো. কাউছ মিয়া, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) গোলাম দস্তগীর গাজী, কর অঞ্চল-৮-এর মোহাম্মদ ইউসুফ, কর অঞ্চল-৩-এর লায়লা হোসেন, হোসনে আরা হোসেন ও রুবাইয়াৎ ফারজানা হোসেন, কর অঞ্চল-৮-এর এম এ হায়দার হোসেন ও খাজা তাজমহল এবং রংপুর কর অঞ্চলের মোকছেদুল ইসলাম।
২০১২-১৩ করবর্ষে শীর্ষ করদাতা হয়েছেন ঢাকার কর অঞ্চল-১২-এর আবদুল কাদির মোল্লা। এ ছাড়া অন্য করদাতারা হলেন চট্টগ্রামের কর অঞ্চল-১-এর সদরউদ্দিন খান, কর অঞ্চল-১-এর সালাউদ্দিন কাশেম খান ও এ এম জিয়াউদ্দিন খান, ঢাকার কর অঞ্চল-২-এর মো. কাউছ মিয়া, রংপুর কর অঞ্চলের মোতাজ্জেরুল ইসলাম, ঢাকা কর অঞ্চল-৮-এর মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন ও এম এ আমজাদ হোসেন এবং এলটিইউয়ের গোলাম দস্তগীর গাজী। দুই করবর্ষেই চারজন করদাতা এ বিশেষ সম্মাননা পেয়েছেন।
অন্যদিকে ২০১৩-১৪ ও ২০১২-১৩ করবর্ষে প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ করদাতা হয়েছে শেভরন বাংলাদেশ। এ দুই করবর্ষের জন্য সম্মাননা পেয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক ও সিটিব্যাংক এনএ। এর বাইরে ২০১৩-১৪ করবর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ২০১২-১৩ করবর্ষে তাল্লো বাংলাদেশ লিমিটেড এ সম্মাননা পেয়েছে। এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে ক্রেস্ট ও কর কার্ড তুলে দেওয়া হয়।
দেশি প্রতিষ্ঠানের একজন ও বিদেশি প্রতিষ্ঠানের দুজন এ কার্ড ব্যবহার করতে পারবেন। কার্ডধারীরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিমন্ত্রণের পাশাপাশি বিমানবন্দর, হাসপাতালসহ বিভিন্ন স্থানে বিশেষ অগ্রাধিকার পাবেন। অন্যদিকে সারা দেশে জেলা পর্যায়ে তিনজন শীর্ষ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর দিচ্ছেন এমন ৩৬২ জন করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।
আলোচনা: অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আয়কর একটি ভালো আইন। এতে ব্যক্তি আর্থিক সক্ষমতা প্রকাশ করে।’
মুহিত বলেন, ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত করের অনুপাত জাতীয় উৎপাদনের মাত্র ৩ শতাংশ বেড়েছে। বিগত পাঁচ বছরে এ অনুপাত বেড়েছে ৩ শতাংশ। প্রত্যক্ষ করের আদায় যেভাবে বাড়ছে, তাতে আগামী পাঁচ বছরে আরও ৩-৪ শতাংশ বাড়বে। করবান্ধব পরিবেশ দিলে আরও রাজস্ব আদায় সম্ভব হবে। তিনি মনে করেন, ‘কর দেওয়া করদাতাদের দায়িত্ব মনে করতে হবে। তাঁরা যেন মনে করেন, দেশের জন্য কিছু করছি।’
কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘দেশের প্রায় সাড়ে তিন কোটি ব্যবসায়ী রয়েছে। কিন্তু মাত্র সাড়ে ১৩ লাখ ব্যক্তি আয়কর বিবরণী জমা দেন। যদি এক কোটি লোক কর দিতেন, তবে বাজেটে যে ঘাটতি রয়েছে, তা মেটানো যেত।’
করদাতাদের উদ্দেশে গোলাম হোসেন বলেন, ‘কাল (আজ মঙ্গলবার) থেকে করমেলা শুরু হচ্ছে। কর-সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা আসেন। আমরা সমস্যার সমাধান করে দিব।’
গতকাল বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান অতিথি অর্থমন্ত্রীর আসতে বিলম্ব হওয়ায় প্রায় দুই ঘণ্টা পর দেড়টায় প্রধান অতিথি ছাড়াই অনুষ্ঠানটি শুরু হয়। পরে দুইটায় অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসেন। জানা গেছে, মন্ত্রিপরিষদ সভার কারণে অর্থমন্ত্রী আসতে পারেননি। দীর্ঘ দুই ঘণ্টা সম্মাননাপ্রাপ্ত করদাতাদের অপেক্ষা করতে হয়।
এদিকে জাতীয় কর দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এনবিআর।
করমেলা শুরু আজ: আজ মঙ্গলবার থেকে আয়কর মেলা শুরু হচ্ছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহর আর জেলায় চার দিন করমেলা অনুষ্ঠিত হবে।
রাজধানীর অফিসার্স ক্লাবে করমেলা অনুষ্ঠিত হবে। এবারের করমেলায় ইটিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী জমা ও পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা দেওয়া হবে।
এদিকে দেশের বিভাগীয় শহরগুলোতেও গতকাল আয়কর দিবস পালিত হয়েছে এবং আজ মঙ্গলবার করমেলা শুরু হচ্ছে।
খুলনায় সম্মাননা প্রদান: খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বছরের সেরা ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশন এলাকাসহ ১০ জেলার ৫৫ জন শীর্ষ ও দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।