
পোশাক আমদানি কিছুটা কমিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। সে জন্য সব রপ্তানিকারক দেশই কমবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ব্যতিক্রম শুধু ভিয়েতনাম ও বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে শীর্ষ ছয় পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে এ দুটি দেশেরই রপ্তানি বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে এমনটাই ঘটেছে। এ সময় যুক্তরাষ্ট্র মোট ৬ হাজার ১৬৪ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ে তারা আমদানি করেছিল ৬ হাজার ৪৮৮ কোটি ডলারের পোশাক। তার মানে, গতবারের চেয়ে যুক্তরাষ্ট্র এবার ৫ শতাংশ বা ৩২৪ কোটি ডলারের পোশাক কম কিনেছে।
বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ওপর ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে থাকা চীনের রপ্তানিই সবচেয়ে বেশি কমেছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বরে চীন থেকে ২ হাজার ১২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এটি গত বছরের একই সময়ের চেয়ে ২০১ কোটি ডলার কম। তার মানে, যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে ৮ দশমিক ৬৪ শতাংশ; যদিও যুক্তরাষ্ট্রের মোট পোশাকের ৩৪ দশমিক ৮৩ শতাংশই চীন থেকে গেছে।
অটেক্সার তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ১৪৫ কোটি বর্গমিটার সমপরিমাণ কাপড় দিয়ে তৈরি ৪১৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এটি গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর—এই নয় মাসের ৪১৪ কোটি ডলারের চেয়ে শূন্য দশমিক ৬১ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও ভিয়েতনামের পর বাংলাদেশই সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে। গত বছর বাংলাদেশ থেকে ৫৪০ কোটি ডলারের পোশাক গেছে যুক্তরাষ্ট্রে।
অন্যদিকে ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে ১ দশমিক ৬৪ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে পূর্ব এশিয়ার এ দেশ যুক্তরাষ্ট্রে ৮১৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এই আয় গত বছরের একই সময়ের ৮০৪ কোটি ডলারের চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির প্রায় ১৩ শতাংশ যায় ভিয়েতনাম থেকে।
বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও চলতি বছরের প্রথম নয় মাসে ইন্দোনেশিয়া, ভারত ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে। এই তিন দেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে ৩৬৩ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ইন্দোনেশিয়া। গত বছরের একই সময়ের চেয়ে দেশটির পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৪০ শতাংশ।
ভারত থেকে চলতি বছরের প্রথম নয় মাসে ২৮৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কম। এ ছাড়া আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে ২৫১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে মেক্সিকো। এটি গত বছরের প্রথম নয় মাসের চেয়ে ৭ দশমিক ১৬ শতাংশ কম। গত বছর মেক্সিকো ২৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল যুক্তরাষ্ট্রে।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান গত শনিবার প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমার কারণ হচ্ছে, ইউনিটপ্রতি পোশাকের দাম কিছুটা কমিয়ে দেওয়ায় সামগ্রিকভাবে রপ্তানি মূল্য কমেছে। অর্থনৈতিক কারণেও ক্রয়াদেশ কিছুটা কমেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনও প্রভাব ফেলেছে।
ফারুক হাসান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রবৃদ্ধি ধরে রাখতে পারার কয়েকটি কারণ আছে। যেমন আমরা এখনো প্রতিযোগিতা-সক্ষমতা ধরে রেখেছি। পাশাপাশি আমরা আমাদের পণ্যের আগ্রাসী বিপণন করছি। দেশের ভেতরে ও বাইরে ক্রেতাদের সঙ্গে বৈঠক করেছি। আগে একসময় বেসিক পণ্য করলেও বর্তমানে আমরা সব ধরনের পোশাক তৈরি করছি। তা ছাড়া যুক্তরাষ্ট্রের ক্রেতারা পোশাকের দাম কিছুটা কম দিলেও আমরা ক্রয়াদেশ নিচ্ছি, যাতে কারখানা বসে না থাকে।’