
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা পর্যাপ্ত পরিমাণে কর দেন না বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিশ্বের শীর্ষ ১ শতাংশ ধনী তাঁদের নামের গুরুত্ব ও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করছেন না।
সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার জো বাইডেন এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে তিনি এ বক্তব্য দিলেন। তাঁর জায়গায় আগামীকাল শুক্রবার দায়িত্ব নেবেন মাইক পেন্স। আর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ডব্লিউইএফ সম্মেলনে যোগ দেওয়া বৈশ্বিক নেতাদের উদ্দেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্দ বলেছেন, ‘আমি ২০১৩ সালে বৈষম্যজনিত বিপদ সম্পর্কে সতর্ক করলেও তখন কেউ আমার কথা শোনেননি।’ তিনি বলেন, ‘আমি জানি না, কেন মানুষ আমার কথা শোনেননি।’
সম্মেলনের একটি অধিবেশনে গতকাল ফ্র্যানসাইন ল্যাকোয়া নামের এক ব্যক্তির প্রশ্নের জবাবে ল্যাগার্দ এসব কথা বলেন। ওই ব্যক্তির প্রশ্নটি ছিল, ‘ম্যাডাম ল্যাগার্দ, আপনি ২০১৩ সালেও দাভোসে এসে বৈষম্য নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আপনার বক্তব্যে তেমন সাড়া পড়েনি।’
ক্রিস্টিন ল্যাগার্দ বলেন, আইএমএফের নিজস্ব এক গবেষণায় দেখা গেছে যে বৈষম্যের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত, সেটি কখনোই টেকসই হয় না।
এ সপ্তাহের গোড়ার দিকে বৈশ্বিক অর্থনীতি িনয়ে সংস্থাটির প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনেও এমন অভিমত দেওয়া হয়েছে।
চার বছর আগে দাভোসে ডব্লিউইএফের সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের একটি বক্তব্য উদ্ধৃত করে বৈশ্বিক নেতাদের উদ্দেশে বলেন, ক্রমবর্ধমান বৈষম্য বিপদ ডেকে আনতে পারে। রুজভেল্টের বক্তব্যটি হলো—‘যাঁদের অনেক আছে, তাঁদের প্রাচুর্যে ভরে দেওয়াটাই আমাদের অগ্রগতির লক্ষণ নয়; বরং যাঁদের খুব অল্প সম্পদ আছে, তাঁদের জন্য আমরা যদি বেশি কিছু করতে পারি, সেটাই হচ্ছে আমাদের পরীক্ষা।’
বৈশ্বিক নেতাদের প্রতি আইএমএফ-প্রধানের চূড়ান্ত বার্তাটি হলো—‘২০১৩ সালে তাঁরা আমার কথা শোনেননি। তেমনটা না হয় হলোই। কিন্তু তাঁরা যদি আমার বক্তব্য সম্পর্কে ভোটারদের মত চান, তাহলে বিষয়টি নিয়ে সত্যিকার অর্থেই চিন্তা করতে হবে।’