এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ খেলাপিদের অধিক নজরদারির আওতায় আনা হচ্ছে। এখন থেকে অব্যাংক এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের শীর্ষ ১০ খেলাপির তালিকা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। একই সঙ্গে যেসব খেলাপির বিরুদ্ধে ইতিমধ্যেই ঋণ আদায়ে মামলা করা হয়েছে, তার নামধাম ও মামলার অবস্থাও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে।বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।নির্দেশে চলতি বছরের জুন মাস থেকেই ত্রৈমাসিক ভিত্তিতে শীর্ষ ১০ খেলাপির তালিকা বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠানোর কথা বলা হয়েছে। প্রথম দফায় এই তালিকা পাঠাতে হবে ১৫ আগস্টের মধ্যে।কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংক খাতে শীর্ষ খেলাপিদের বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার পর এখন অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিকে নজরদারি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ জারি করেছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, এটা অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ভালো ফল বয়ে আনবে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি এতে শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে আমাদের যে উদ্যোগ, তা আরও ত্বরান্বিত হবে, গতি পাবে। উপরন্তু, খেলাপিরা প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো প্রভাব বিস্তার করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এই তদারকির কারণে তা আটকানো যাবে।’ তিনি কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে স্বাগত জানান।অপর এক নির্দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ে অভিযোগ সেল গঠন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সেলে যেসব অভিযোগ জমা পড়বে, তা এক মাসের মধ্যে সুরাহা করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।