শীর্ষ ৩০ কোম্পানি খুঁজতে ১৩ সদস্যের জুরি বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ভালো ফলাফল করছে—এমন ৩০টি কোম্পানি খুঁজে বের করতে ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ বুধবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।রকিবুর রহমান বলেন, তালিকাভুক্ত খারাপ কোম্পানি সম্পর্কে যেমন সমালোচনা করা হয়, তেমনি যেসব কোম্পানি ভালো পারফর্মেন্স করছে, তাদের পুরস্কৃত করা প্রয়োজন। এটা হলে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানি শেয়ারবাজারে আসতে উত্সাহিত হবে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজেদের মধ্যে ভালো পারফর্মেন্স করার প্রতিযোগিতাও তৈরি হবে। শীর্ষ এই ৩০ কোম্পানিকে পুরস্কৃত করার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।আর তাই শীর্ষ ৩০ কোম্পানি খুঁজে বের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান রকিবুর রহমান। এই জুরি বোর্ড স্বাধীনভাবে কোম্পানি নির্ধারণ করবেন। এতে ডিএসইর কোনো ভূমিকা থাকবে না। জুরি বোর্ডের আহ্বায়ক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম। এ ছাড়া অন্য সদস্যরা হলেন এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহিদুল্লাহ, আইসিএমএবির প্রেসিডেন্ট অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, এমসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল হাফিজ চৌধুরী, আইসিএবির প্রেসিডেন্ট জামালুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বাকি খলিলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও আইসিএবির সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ।ডিএসইর সভাপতি রকিবুর রহমান এই জুরি বোর্ডে সঙ্গে সমন্বয় করবেন। শিগগিরই জুরি বোর্ড কর্মপরিকল্পনা করে সাংবাদিকদের জানাবেন।