শীর্ষ ৩০ কোম্পানি নির্বাচনে জুরি বোর্ডের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কৃতিত্বের (পারফরম্যান্স) ভিত্তিতে শীর্ষ ৩০ কোম্পানি খুঁজে বের করার লক্ষ্যে গঠিত জুরি বোর্ডের সভা আজ সোমবার ডিএসইর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ডের আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পুরস্কৃত করার লক্ষ্যে গত ২৫ এপ্রিল ডিএসইর পরিচালনা পর্ষদ ১৫ সদস্যের জুরি বোর্ড গঠন করে। মির্জ্জা আজিজুল ইসলামকে এ বোর্ডের আহ্বায়ক করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন: এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ‘ডেইলি ফাইন্যানশিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহিদুল্লাহ, আইসিএমএবির সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল হাফিজ চৌধুরী, আইসিএবির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম এ বাকী খলিলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, আইসিএবির সাবেক সভাপতি ও পার্টনার সাহা মজুমদার অ্যান্ড কোম্পানির নাসির উদ্দিন আহমেদ, নিউ এজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এ এস এম কাশেম এবং মেজর জেনারেল মোহা. হাবিবুর রহমান খান।জুরি বোর্ড ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বিভিন্ন বিভাগ (ক্যাটাগরি) বিশ্লেষণ করে শীর্ষ ৩০ কোম্পানি নির্বাচন করবে। প্রসঙ্গত, জুরি বোর্ডে আরও তিনজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন: বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মুসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম। এ বিষয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের জানান, জুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। তবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।