শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের সঙ্গে আজ ডিএসইর বৈঠক
শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শীর্ষস্থানীয় ৩০টি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আজ রোববার বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। বেলা আড়াইটায় ডিএসইর সম্মেলনকক্ষে এই বৈঠক হওয়ার কথা।ডিএসইর সভাপতি শাকিল রিজভী বৈঠকের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বাজারের সাম্প্রতিক অবস্থা ও তা থেকে উত্তরণে করণীয় ঠিক করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।রিজভী আরও বলেন, ‘বর্তমানে শেয়ারবাজারের লেনদেন উদ্বেগজনকভাবে কমে গেছে। এই লেনদেন কমার কারণ অনুসন্ধানই আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্যই শীর্ষস্থানীয় লেনদেনকারী ব্রোকারেজ হাউসগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে ডাকা হয়েছে।’শাকিল রিজভী আরও জানান, শীর্ষস্থানীয় ৩০টি ব্রোকারেজ হাউসের পর প্রয়োজনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিকানাধীন ব্রোকারেজ হাউসগুলোর প্রধানদের সঙ্গে বসবে ডিএসই।বৈঠকে লেনদেন কমার কারণ অনুসন্ধানের পাশাপাশি বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণের সুপারিশও চাওয়া হবে। এসব সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনে ডিএসইর নেতারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনায় বসবে বলে সংস্থাটির সভাপতি জানান।