শীর্ষ ৩১ রেমিটেন্স প্রদানকারীকে পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে দেশে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) পাঠানোর জন্য ৩১ জন অনাবাসী বাংলাদেশিকে পুরস্কার দিয়েছে। এই প্রথমবারের মতো দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দু’টি এক্সচেঞ্জ হাউসকেও পুরস্কৃত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে আজ শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড শিরোনামের ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর করেন। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গভর্নর বলেন, বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও খরচ কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।