ব্যবসা পরিচালনার সহায়ক পরিবেশ বিবেচনায় বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলা সবচেয়ে ভালো অবস্থানে আছে। মানের (স্কোর) দিক থেকে এর পরই রয়েছে যথাক্রমে দিনাজপুর ও কুষ্টিয়া জেলা। তবে এই তিনটি জেলাই একত্রে উচ্চস্তরে রয়েছে।অন্যদিকে মানের দিক থেকে সবচেয়ে নিচে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহীর সঙ্গে টাঙ্গাইল, চট্টগ্রাম ও বরিশাল মিলে চার জেলা রয়েছে নিম্নস্তরে। জেলা পর্যায়ে ব্যবসা পরিচালনার জন্য সরকারি দপ্তর ও স্থানীয় প্রতিষ্ঠান কী ধরনের সেবা দেয়, তা পরিমাপের জন্য প্রথমবারের মতো দি এশিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের যৌথভাবে তৈরি করা জেলা অর্থনৈতিক সুশাসন সূচকে (ইজিআই২০১০) এসব তথ্য উঠে এসেছে।গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই সূচক প্রকাশ করা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সূচক নিয়ে আলোচনায় নেতৃত্ব দেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মেয়র বদরুদ্দিন কামরান, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সূচক ও জরিপের বিভিন্ন মাপকাঠি ও ফলাফল তুলে ধরেন এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র অর্থনীতিবিদ ফারুক আহমেদ চৌধুরী। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ইজিআই ২০১০ হচ্ছে একটি সমন্বিত সূচক, যার মাধ্যমে বাংলাদেশের বৃহত্তর ১৯টি জেলার অর্থনৈতিক সুশাসন পরিমাপ করা হয়েছে। প্রতিটি জেলার প্রধান কার্যালয়ের তিন কিলোমিটার আওতাধীন সিটি করপোরেশন বা পৌরসভার মধ্যে জরিপকাজ চালানো হয়েছে। তিন হাজার ৮০০ ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপে ১০টি উপসূচকের ভিত্তিতে অবস্থান মান নির্ণয় করা হয়েছে। এসব উপসূচকের তালিকায় আছে ব্যবসার প্রারম্ভিক খরচ, সম্পত্তির স্বত্বাধিকার, তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও সুযোগ, আইনগত বিধিবিধান মেনে চলতে গিয়ে সময় ব্যয়, অনানুষ্ঠানিক ব্যয়/ ঘুষ, অংশগ্রহণ, অপরাধ ঠেকানো, কর প্রশাসন, বিরোধ নিরসন ও স্থানীয় অবকাঠামো। প্রত্যেকটি উপসূচকে ১ থেকে ১০ পয়েন্টের মধ্যে মান প্রদান করা হয়েছে। ১০টি উপসূচকের প্রতিটির মান যোগ করে ১০০ নম্বরের মধ্যে প্রতিটি জেলা কত নম্বর পেয়েছে তার ভিত্তিতে সার্বিক সূচক মান তৈরি করা হয়েছে। সূচকের মান অনুসারে দেখা গেছে, ফরিদপুর, দিনাজপুর ও কুষ্টিয়া ব্যবসা পরিবেশের অবস্থানের দিক থেকে সবচেয়ে ভালো ফল করেছে। তাদের রাখা হয়েছে উচ্চস্তরে। মধ্যমস্তরে আছে সিলেট, কক্সবাজার, ময়মনসিংহ, কুমিল্লা। মধ্যম নিম্নস্তরে আছে রংপুর, পটুয়াখালী, ঢাকা, যশোর, খুলনা, বগুড়া, পাবনা, নোয়াখালী। আর নিম্নস্তরে রয়েছে টাঙ্গাইল, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী।সীমাবদ্ধতা: তবে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান এই সূচকের বেশ কিছু দুর্বলতা তুলে ধরেন। তাঁরা বলেন, সূচকটির অন্যতম বড় দুর্বলতা এটি শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান আছে তাদের তথ্য নিয়েছে। এতে করে বেশির ভাগ ক্ষেত্রে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের তথ্য এসেছে। জেলা শহরে তাদের অনেকেরই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই বা তাদের মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন নেই। তাঁরা আরও বলেন, ঢাকা ও চট্টগ্রাম জেলার বিষয়টি অন্যদের ঠিক উল্টো। এখানে ব্যবসা ও শিল্পের ভিত্তি অনেক বড়। ফলে এখানে সমস্যাও বেশি। তাই সূচকে এই দুটি জেলা নিচের দিকে আছে। এটি মূলত একটি ধারণা সূচক বলে মন্তব্য করেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দর্শন হবে বাজার, ব্যক্তি খাত, শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক দায়বদ্ধতার ওপর ভিত্তি করে।’ এই সূচক ও জরিপ এই অর্থনৈতিক দর্শন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগবে এবং প্রতিবছরই এটি পরিচালিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, জেলা পর্যায়ে যাঁরা ব্যবসা করেন, তাঁদের অনেকেরই কর শনাক্তকরণ নম্বর নেই। অনেকের ট্রেড লাইসেন্সও নেই। ফলে সরকার এ ব্যাপারটি ওপর গুরুত্ব দিচ্ছে। ফারুক খান জানান, ব্যবসায়ীদের সহযোগিতার জন্য মন্ত্রণালয় থেকে ট্যারিফ কমিশনকে একটি বুকলেট বা পুস্তিকা তৈরির দায়িত্ব দেওয়া হবে। এতে ব্যবসার নানা নিয়মকানুনসহ কোনো সরকারি কার্যালয়ে বা দপ্তরে গেলে কী সেবা পাওয়া যাবে তার বিস্তারিত তথ্য সন্নিবেশিত থাকবে। ফারুক খান বাংলাদেশের ব্যবসায়ীদের মানসিকতার সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীরা শুধু মুনাফা লাভ করতে চান। কিন্তু ব্যবসা দেশ সেবারও একটি অংশ হতে পারে, সেভাবে তাঁরা বিষয়টিকে দেখেন না।’ এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জনগোষ্ঠীর ৫০ ভাগ নারী হলেও জরিপে দেখা যাচ্ছে, দেশে নারী উদ্যোক্তার সংখ্যা খুবই কম। তাদের সংখ্যা এক শতাংশেরও নিচে। বিষয়টি বিবেচনা করা দরকার।’