শুকনো খাবারের রপ্তানি বেড়েছে
বাংলাদেশে তৈরি শুকনো খাবারের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
প্রবাসী বাঙালিরা এগুলো খাবারের মূল ক্রেতা হলেও এসব খাবারের প্রতি বিদেশিদেরও আগ্রহ রয়েছে।
এমনই কিছু খাবার হলো মুড়ি, চিড়া, চানাচুর, আলুর চিপস, বিস্কুট, খই প্রভৃতি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইতে ৪০ লাখ ৫১ হাজার ডলারের শুকনো খাবার রপ্তানি হয়েছে।
আগের বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ৪০ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ এই সময়ে রপ্তানি বেড়েছে ১১ শতাংশ।
গেল ২০১৩-১৪ অর্থবছরে অবশ্য এ দেশ থেকে বেশ বড় ধরনের শুকনো খাবার রপ্তানি হয়েছে। গত বছর বাংলাদেশ থেকে সাত কোটি ২৬ লাখ ডলারের শুকনো খাবার রপ্তানি হয়েছে। আগের বছরের চেয়ে রপ্তানি বাড়ে ৬০ দশমিক ৪৮ শতাংশ।
২০১২-১৩ অর্থবছরে রপ্তানি হয়েছিল চার কোটি ৫২ লাখ ডলারের শুকনো খাবার। রপ্তানিকারকেরা জানান, দেশে তৈরি শুকনো খাবার রপ্তানির বড় বাজার হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর বাইরে ভারতের পশ্চিমবঙ্গসহ পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য, আফ্রিকার কয়েকটি দেশ, জাপান, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও শুকনো খাবার রপ্তানি হয়।