শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকায় খুশি ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দিনে শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকায় নির্বাচন কার্যক্রমে যুক্ত কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা হরতাল-অবরোধে পিছিয়ে পড়া অনেক কাজ সম্পন্ন করতে পেরেছেন। খবর বাসসের।
জানা গেছে, এই দুই দিনে দশম জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে যুক্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন প্রয়োজনীয় টাকা উত্তোলন করেছেন, তেমনি ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ বৈদেশিক বাণিজ্যের ব্যাংকিং কাজ নির্বিঘ্নে সেরেছেন। এ ছাড়া সাধারণ গ্রাহকেরা টাকা উত্তোলন ও জমা দিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টাকা উত্তোলনের সুবিধার্থে ছুটির দিনে ৫৯ জেলায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন বাসসকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক দেশের ৫৯ জেলায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখা হয়। এ সময়ে নির্বাচনসংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তা দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা তাঁদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম করতে পেরেছেন। তিনি জানান, এই দুই দিনে ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনও হয়েছে।
এ বিষয়ে উত্তরা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ মোশারফ হোসেন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ক্যাশ ও ক্লিয়ারিং সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম দুই দিন চালু থাকায় নির্বাচনে যুক্ত কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ীরা তাঁদের বৈদেশিক বাণিজ্যের অনেক ব্যাংকিং কাজ সারতে পেরেছেন। এতে হরতাল-অবরোধে পিছিয়ে থাকা অনেক কাজ তাঁরা পুষিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, শুক্র ও শনিবার ৫৯ জেলায় ব্যাংক খোলা থাকলেও জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর—এই পাঁচ জেলায় নির্বাচন না থাকায় ব্যাংক বন্ধ রাখা হয়।
এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দেশের ৫৯টি জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর—এই পাঁচ জেলায় ব্যাংক থোলা থাকবে।
এছাড়া আগামীকাল শেয়ারবাজারে লেনদেন হবে না।