শুক্র ও শনিবার সব কর কার্যালয় খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের আয়করসংক্রান্ত ছাড়পত্র নেওয়ার সুবিধার্থে আজ শুক্র ও আগামীকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠপর্যায়ের সব কর কার্যালয় খোলা থাকবে।
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। কমিশন গতকাল বিকেলে এনবিআরকে এ অনুরোধ করে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি করখেলাপি নন—এমন ছাড়পত্রও জমা দিতে হয়।
নির্বাচন কমিশন গত সোমবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
এনবিআরের কর্মকর্তারা জানান, শুক্র ও শনিবার করদাতারা নিয়মিত আয়কর বিবরণীও (রিটার্ন) দাখিল করতে পারবেন।
এদিকে ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়াতে এনবিআরের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ নিয়ে তিন দফায় এমন আহ্বান জানাল সংগঠনটি। এফবিসিসিআই থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী দাখিলের সময় শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। নিয়মিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হলেও ই-টিআইএন জটিলতাসহ একাধিক কারণে এনবিআর দুই দফা একমাস করে আয়কর বিবরণী দাখিলের সময়সীমা বাড়ায়।
শনিবার ব্যাংক খোলা: এদিকে মনোয়নপত্র দাখিলের সুবিধার্থে শনিবার বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বাসসকে এ তথ্য জানান।
আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।