শুক্র-শনিবার বিদেশি বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা
সাপ্তাহিক ছুটির দিনেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠপর্যায়ের কার্যালয়গুলো খোলা থাকবে। শনিবার আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যালয় আর শুক্রবার শুধু রপ্তানি খাতসংশ্লিষ্ট কার্যালয় খোলা রাখা হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।গতকাল বুধবার এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানান।বর্তমান হরতাল পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতির চেষ্টা করার দায়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জামায়াত-শিবিরের ‘আমির’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) ধ্বংস করার চেষ্টা করছেন, আমরা (সরকার) অর্থনীতি বাঁচাবার বিকল্প উপায় বের করছি। শুক্র ও শনিবার সংশ্লিষ্ট কার্যালয় (এনবিআরসহ আমদানি-রপ্তানি ও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়) খোলা থাকবে।’চলতি ২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি এবং আগামী অর্থবছরের বাজেটের প্রস্তুতি নিয়ে সেগুনবাগিচার এনবিআর মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘হরতালের আসল উদ্দেশ্য হলো উৎপাদন ও আমদানি-রপ্তানি ব্যাহত করা। উৎপাদনে না হলেও আমদানি-রপ্তানির ক্ষেত্রে তাদের এই উদ্দেশ্য সফল হয়। এটা তাদের বিপজ্জনক ও দেশবিরোধী পদক্ষেপ। সেটা থেকে রক্ষার জন্য কাজ করছি।’অর্থমন্ত্রী বলেন, ‘হরতালের কারণে অবনতি মনে করি না। অবনতির সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা রক্ষা করার চেষ্টা করছি। অর্থবছরের শেষ নাগাদ রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব।’বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় সরকার ব্যর্থ হওয়ায় হরতাল এবং এর ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতালের সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্পর্ক নেই। দিস ইজ ননসেন্স। সমঝোতার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে নয়।’এনবিআরের চেয়ারম্যানের ব্রিফিং: বৈঠক শেষে এনবিআরের চেয়ারম্যান সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন। শুক্র ও শনিবার কার্যালয় খোলা থাকা সম্পর্কে তিনি বলেন, যত দিন রাজনৈতিক অস্থিরতা থাকবে, তত দিন এনবিআরের সব কার্যালয় খোলা থাকবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআরের চেয়ারম্যান বলেন, বলেন, বিভিন্ন মামলায় প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা আটকে আছে। আগামী চার বা পাঁচ বছরে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা আদায় করে তা পদ্মা সেতু নির্মাণে দেওয়া সম্ভব হবে। এডিআর উদ্বুদ্ধ করতে একটি সেল গঠন করা হবে।বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ, সৈয়দ আমিনুল করীম, নাসির উদ্দিন, রাহেলা বেগম, কালিপদ হালদার, ফিরোজ শাহ আলম, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।