শুক্রবার থেকে ঢাকায় তিন দিনের পর্যটন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আগামী শুক্রবার শুরু হবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। এ মেলায় ছয়টি দেশের প্রায় ১০০ সংগঠন ও সংস্থা অংশ নেবে। দেশের পর্যটনশিল্পের শীর্ষ সংগঠন ‘দ্য টুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়েব)’ পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করছে।
‘ইবিএল-বিটিটিএফ-২০১৪ ইন্টারন্যাশনাল টুরিজম ফেয়ার’ নামে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলা উদ্বোধন করবেন। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আগামী ১ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
টোয়েবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টোয়েবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ ও পরিচালক তৌফিক আহমেদ।