শুক্রবার ব্যাংক খোলা, ডিপ্লোমা পরীক্ষা হবে
আগামী শুক্রবার সাপ্তাহিক বন্ধের মধ্যেও দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে। তবে শাখাগুলো খোলা থাকলেও শুধু নগদ জমা ও উত্তোলন এবং ক্লিয়ারিং-সংক্রান্ত কার্যক্রম চলবে।
ব্যাংক খোলা থাকলেও এদিন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক আজ বুধবার তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে শুক্রবার ব্যাংক খোলা রাখা-সংক্রান্ত এ নির্দেশ দিয়েছে।
সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জনস্বার্থে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে ক্যাশ ও ক্লিয়ারিং-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয় তফসিলি ব্যাংকগুলোতে।
এদিকে তফসিলি ব্যাংকের সব শাখা খুলে রাখা হলেও এদিন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) সেক্রেটারি মু. আবদুল মতিন। তিনি বলেন, পরীক্ষা পেছানোর আসলেই কোনো সুযোগ নেই। ফলে শাখা পর্যায়ে কর্মকর্তাদের নিজেদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পরামর্শ দেন তিনি।
তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার সঙ্গে সঙ্গে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের শাখা কার্যালয় ও যেসব বিভাগের সঙ্গে কোনো ধরনের জনসাধারণ ও ব্যাংকের লেনদেন রয়েছে তা খোলা থাকবে।