শুক্রবারের মধ্যেই চামড়ার দাম নির্ধারণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই কোরবানির ঈদের আগে ট্যানারি মালিক ও চামড়াসংশ্লিষ্ট ব্যবসায়ীরা ধুয়া তোলেন যে বিশ্ববাজারে চামড়ার দর কম। তাই তাঁরা বেশি দাম দিয়ে কোরবানির পশুর চামড়া কিনতে পারবেন না। এবারও একই সুর তুলে চামড়ার দর নির্ধারণ করার পক্ষে ছিলেন না তাঁরা।
তবে ব্যবসায়ীদের ডেকে চামড়ার ন্যূনতম দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবারের মধ্যেই এই দর নির্ধারণ করার সময়সীমাও ঠিক করে দিয়েছেন তিনি।
আগামী ৬ অক্টোবর কোরবানির ঈদ। ঈদ সামনে রেখে সচিবালয়ে গতকাল মঙ্গলবার ‘কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ, চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক বৈঠক ডাকেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে ডাকা হয় ট্যানারি মালিকদের দুই সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিসড লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে, কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ী সমিতির নেতাদের।
মূলত ট্যানারি মালিকদের দুই সংগঠন এবং আড়তদারদের সংগঠন মিলেই কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে থাকে। ২০১১ এবং ২০১২ সালে সংগঠনগুলো চামড়ার দাম নির্ধারণ করেনি। ফলে ওই দুই বছর মাঠপর্যায় থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে ট্যানারি মালিকদের চামড়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সে কারণেই গত বছর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে চামড়ার দাম নির্ধারণ করে এই তিন সংগঠন।
কোরবানির চামড়ার দাম নির্ধারণে আগ্রহ নেই ব্যবসায়ীদের

তখন ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৮৫ থেকে ৯০ টাকা আর ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়। প্রতি বর্গফুট খাসির চামড়া ৫০ থেকে ৫৫ টাকা ও বকরির চামড়া ৪০ থেকে ৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়।
চামড়াসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকা হলেও এর আগেই গণমাধ্যমকে ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করতে চাই না। আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে চামড়ার মূল্য এমনভাবে নির্ধারণ করুন যাতে জনগণ খুশি থাকে, আর লাভবান হতে পারেন আপনারাও।’
বৈঠকের কার্যপত্রে বলা হয়, কোরবানির সময় প্রতিবছর অশুভ প্রতিযোগিতা শুরু হয়। কিছুসংখ্যক সুবিধাভোগী ব্যবসায়ী ইচ্ছামতো কম দামে চামড়া সংগ্রহ করে প্রতিবেশী ভারতে পাচার করেন।
চামড়া পাচার রোধে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, অন্তত ৩০ দিন সীমান্ত এলাকা দিয়ে চামড়া পরিবহন করা যাবে না। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে এক কোটি ৪০ লাখ পশু কোরবানি হয়। এর মধ্যে অর্ধেকই হয় কোরবানির সময়।
এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২৯ কোটি ৫৭ লাখ ডলার, আগের অর্থবছর থেকে যা ৩২ শতাংশ বেশি।
‘আপনি যে বলছেন ব্যবসায়ীরা চামড়ার দাম নির্ধারণ করবে, কিন্তু তাঁরা তো এতে আগ্রহী নন’—এমন কথা বলা হলে বাণিজ্যমন্ত্রী ট্যানারস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের কাছে তাৎক্ষণিকভাবেই এর সত্যতা জানতে চান।
শাহীন আহমেদ সরাসরি কিছু না বলে জানান, আন্তর্জাতিক বাজারে চামড়ার দর কমছে। জুলাই-আগস্টের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে কম। তার ওপর সম্প্রতি হাজারীবাগ থেকে শিল্পকারখানা সাভারে স্থানান্তর করতে হচ্ছে। সব মিলিয়ে চাপটা একটু বেশি। আর ফড়িয়া-ব্যাপারী-আড়তদার—এই তিন হাত ঘুরে তাঁদের কাছে চামড়া আসে বলে দাম বেশি পড়ে বলে জানান তিনি।
ট্যানারস অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দেশে ২৬৬টি বড় এবং এক হাজার ৬০০টি মাঝারি ও ছোট আকারের আড়ত রয়েছে। এগুলো থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে ১৯৪টি ট্যানারির মালিক।
রাজধানীর চকবাজারের পোস্তায় কাঁচা চামড়ার আড়তদারদের সঙ্গে আলাপ করে জানা যায়, সারা বছর যে দামে চামড়া বেচাকেনা হয়, কোরবানির মাস খানেক আগ থেকে তা এর চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে বেচাকেনা হয়। আড়তদারেরা জানান, পোস্তায় এখন ভালো মানের প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, যা মাস দেড়েক আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়। একইভাবে মাঝারি মানের চামড়ার দাম ৯০-৯৫ টাকা থেকে কমে এখন ৭৫-৮০ টাকা এবং নিম্নমানের চামড়া ৮০-৮৫ টাকা থেকে কমে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।