শুদ্ধাচার কৌশলপত্রের খসড়া চূড়ান্ত: অর্থমন্ত্রী
সমাজের সব ক্ষেত্রে দুর্নীতি দমন, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশে একটি ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র (ন্যাশনাল ইনটেগ্রিটি স্ট্র্যাটেজি পেপার)’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কৌশলপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী বলেন, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব কমিশন, বেসরকারি সংস্থা (এনজিও) শুদ্ধাচার কৌশলপত্র অনুসরণ করবে। এতে সব ক্ষেত্রেই জবাবদিহি বাড়বে এবং দুর্নীতি কমবে। সচিবালয়ে গতকাল রোববার এ কৌশলপত্র প্রণয়নসংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেছেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা মসিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও গওহর রিজভী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা, অর্থসচিব ফজলে কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, সভ্য সমাজ সৃষ্টি হওয়ার পর থেকেই দুর্নীতি আছে। এই দুর্নীতি দমন করতে হবে। এ জন্য ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছে। তবে অন্যান্য আইনও প্রচলিত রয়েছে। শুদ্ধাচার কৌশলপত্র দুর্নীতি দমনে সহায়ক হবে বলে তিনি মনে করেন। কৌশলপত্রটি প্রণয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দিক থেকে কিছুটা চাপ রয়েছে বলেও স্বীকার করেন অর্থমন্ত্রী। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলব না। বলার সময় হলেই বলব।’